যিনি কৃষকের দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় দিনমজুরের কাজ করতেন আবদুল গফুর (৫০)। সংসার চলত কোনোমতে। সেই গফুরের আজ একটি পাকা বাড়ি, ১০ বিঘা জমি, দুটি গাভি, দুটি শ্যালো ইঞ্জিনসহ প্রায় সোয়া এক কোটি টাকার সম্পদ।
এসবই সম্ভব হয়েছে উন্নত মানের নেপিয়ার জাতের ঘাস চাষ করে। গফুরের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের সুলতানপুর বড়ইপাড়া গ্রামের অর্ধশতাধিক কৃষক ওই ঘাস চাষ করে আজ স্বাবলম্বী। কৃষি কর্মকর্তারা বিভিন্ন সভা-সেমিনারে কৃষকদের সামনে গফুরের সাফল্যের কথা তুলে ধরেন।
সম্প্রতি ওই গ্রামে গিয়ে দেখা যায়, ধানগাছের মতো বিশাল আকৃতির গাঢ় সবুজ রঙের ঘাসে রঙিন মাঠের পর মাঠ। হাফহাতা শার্ট ও লুঙ্গি পরে একটি খেতে ঘাস কাটছিলেন আবদুল গফুর। একগুচ্ছ ঘাস কাটার সঙ্গে সঙ্গে তা আঁটি করছিলেন। কথা বলছিলেন ঘাস কাটতে কাটতেই।
২০০৫ সালের কথা। সম্পদ বলতে ছিল ১০ শতক জমিতে মাটির একখানি ঘর আর এক বিঘা জমি। দিনমজুরি করেই গফুরকে চলতে হতো। সঞ্চয় ছিল না। ওই বছর স্থানীয় একটি সমিতি থেকে সাত হাজার টাকা ঋণ নিয়ে একটি গাভি কেনেন। গাভিটি প্রতিদিন চার কেজি করে দুধ দিত। একদিন পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক মোস্তফা কামালের পরামর্শে গাভিকে নেপিয়ার জাতের ঘাস খাওয়ানো শুরু করেন। এর পর থেকে গাভিটি ১২ কেজি করে দুধ দিতে থাকে। ওই বছরই তিনি প্রাণিসম্পদ কার্যালয় থেকে নেপিয়ার জাতের ঘাসের চারা সংগ্রহ করেন। প্রথমে পাঁচ শতক জমিতে চারা লাগান। এক মাস পরই ঘাস কাটার উপযোগী হয়। ওই ঘাস গাভিকে খাওয়ানোর পর বেশির ভাগ অংশই বাজারে বিক্রি করেন। আয় হয় ভালোই। এরপর নিজের পুরো এক বিঘা জমিতে ঘাস লাগান। আয়ের টাকা দিয়ে কেনেন আরও ছয় বিঘা জমি।
তিন বিঘা জমি বন্ধক নিয়ে বর্তমানে ১০ বিঘা জমিতে নেপিয়ার জাতের ঘাস চাষ করছেন গফুর। প্রতি মাসে লাভ থাকছে ৭০ হাজার টাকার মতো।
ঘাস রোপণ, কাটা ও বিক্রির জন্য গফুরের অধীনে কাজ করেন পাঁচজন শ্রমিক। সহায়তা করছেন তাঁর বড় ছেলে আতিয়ার রহমান (৩০) ও মেজো ছেলে ফারুক হাসান (২৫)। শ্রমিকেরা প্রতিদিন পাঁচটি রিকশাভ্যানে করে পলাশবাড়ী, ঢোলভাঙ্গা, ধাপেরহাট ও গাইবান্ধা শহরে ঘাস বিক্রি করেন। প্রতি আঁটি ঘাস বিক্রি করেন ১০ টাকা করেন।
ভবিষ্যতে আরও ১০ বিঘা জমিতে ঘাস চাষ ও ডেইরি ফার্ম করার উদ্যোগ নেওয়ার কথা জানালেন গফুর। তাঁর ছোট ছেলে শাকিল সপ্তম ও একমাত্র মেয়ে ফারহানা ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে। আর পুরো সংসারকে আগলে রাখা ও গফুরের সাফল্যের প্রধান সহযোগী হিসেবে আছেন তাঁর স্ত্রী আছিয়া বেগম। কথা বলতে বলতে চলে যাই পাশেই গফুরের বাড়িতে। ৭৫ শতক জমিতে ১৫৭ ফুট দীর্ঘ পাকা বাড়ি। সৌরবিদ্যুতের প্যানেল দিয়ে চলছে পাখা, বাতি ও টেলিভিশন। বাড়ির আঙিনায় গরুর খামারের জন্য ৪৫ ফুট দীর্ঘ পাকা ঘর। সেখানে দুটি গাভি। বসানো হয়েছে বায়োগ্যাস প্লান্ট। আরও গরু কিনে তা চালু করার কথা জানালেন গফুর।
অন্যরা যা বলেন: গফুরের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে সুলতানপুর বড়ইপাড়া গ্রামের কৃষক মাসুদ মিয়া, সিরাজুল ইসলামসহ অর্ধশতাধিক কৃষক নেপিয়ার জাতের ঘাস চাষ করছেন।
মাসুদ মিয়া বলেন, ‘এই ঘাস সম্পর্কে কিছুই জানতাম না। গফুর ভাইয়ের সাফল্য দেখে এক বিঘা জমিতে ঘাস চাষ করছি। প্রতি মাসে সাত হাজার টাকা আয় হচ্ছে।’
সিরাজুল ইসলাম বলেন, ‘গত বছর দুই বিঘা জমিতে ঘাস চাষ করেছি। নিজের গাভিকে খাওয়ানোর পরও মাসে ১৪ হাজার টাকার ঘাস বিক্রি করতে পারছি।’
গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কাশেম বলেন, জেলায় একমাত্র আবদুল গফুরই বাণিজ্যিকভাবে ঘাস চাষ করছেন। তাঁর সাফল্যের কাহিনি ভিডিও ক্যামেরায় ধারণ করে বিভিন্ন সভা-সেমিনারে অন্য কৃষকদের দেখানো হয়, তাঁদের উদ্বুদ্ধ করা হয়।