যিনি সভাপতি তিনিই প্রধান শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়ম লঙ্ঘন করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মালকামলা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নজরুল ইসলাম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন। নজরুল ইসলাম দাবি করেছেন, বিদ্যালয়টি রক্ষার জন্য তিনি ওই দায়িত্ব নিয়েছেন। তবে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, তিনি এভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে পারেন না।
উপজেলার মালকামলা গ্রামে প্রায় এক যুগ আগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। শুরু থেকেই তহুর আহাম্মেদ এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অনিয়মের অভিযোগ তুলে গত ১১ সেপ্টেম্বর ব্যবস্থাপনা কমিটি তাঁকে অব্যাহতি দেয়। এর পর থেকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন এবং সব কাগজপত্রে সই করছেন। তহুর আহাম্মেদ অভিযোগ করেন, ১৭ সেপ্টেম্বর ব্যবস্থাপনা কমিটির সভাপতি পক্ষ থেকে তাঁর কাছে অব্যাহতিপত্র পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ আগস্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এবং ১০ সেপ্টেম্বর জনগণের সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে (তহুর আহাম্মেদ) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই অব্যাহতি ১১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে, জনগণ ও ব্যবস্থাপনা কমিটির উভয় সভাতেই বিদ্যালয়ের অচলাবস্থার ব্যাপারে দীর্ঘ আলোচনার পর এর কারণ হিসেবে তহুর আহাম্মেদের দায়িত্ব ও কর্তব্যে চরম অবহেলা ও সময়ানুবর্তিতার অভাবকেই দায়ী করা হয়েছে।
নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়টিকে রক্ষার জন্য প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন তিনি। একই সঙ্গে দুই দায়িত্ব পালন করার বিধান আছে কি না জানতে চাইলে তিনি দাবি করেন, ২৬ আগস্ট ব্যবস্থাপনা কমিটির সভায় রেজল্যুশন করে তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন এবং সভাপতির দায়িত্ব কমিটির অপর এক সদস্যকে দিয়েছেন। তবে গতকাল শনিবার খোঁজ নিয়ে জানা গেছে, নজরুল সভাপতি ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, ব্যবস্থাপনা কমিটি আলোচনা করে প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু নিয়মানুযায়ী এর আগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। তিনি আরও জানান, সভাপতি এভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে পারবেন না। অনেক প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতার পরই শিক্ষক হওয়া যায়।