যুক্ত ছবি না থাকায় উপবৃত্তির টাকা বিতরণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলের খাজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় অ্যাটাচড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকার জন্য বিতরণ কার্ডে অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত ছবি না থাকায় গতকাল বুধবার টাকা বিতরণ করা হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র বলেছে, দাশপাড়া ইউনিয়নের উত্তর দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে গতকাল খাজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় অ্যাটাচড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চার কিস্তির তিন লাখ তিন হাজার টাকা বিতরণের কথা ছিল।
নিয়মানুযায়ী, শিক্ষার্থী ও অভিভাবকের ছবিযুক্ত একটি করে বিতরণ কার্ড অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার কথা। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ব্যাংকের ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে। কার্ডে টাকার পরিমাণও উল্লেখ থাকবে। এরপর অভিভাবকদের স্বাক্ষরিত ওই বিতরণ কার্ড জমা রেখে ব্যাংক কর্মকর্তা টাকা বিতরণ করবেন।
গতকাল অগ্রণী ব্যাংক বাউফল শাখার কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিতরণ কার্ডে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের যুক্ত ছবি না থাকায় টাকা বিতরণ করেননি। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সাবেক অভিভাবক সদস্য নিজাম উদ্দিন বলেন, উপবৃত্তির তালিকার ২৮০টি নামের অধিকাংশই ভুয়া। এ কারণেই অভিভাবকদের বিতরণ কার্ড দেওয়া হয়নি।