রাঙামাটি মেডিকেল কলেজের পরিচালনা বোর্ডে জনসংহতি সমিতির একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে ভবিষ্যতে শিক্ষার্থী ভর্তির সময় ‘উপজাতি কোটা’ বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকালের বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দ্রুত রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাস শুরুর নির্দেশ দেন। সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জনসংহতি সমিতির নেতা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী গত ২৩ ফেব্রুয়ারিও রাঙামাটি মেডিকেল কলেজে দ্রুত ক্লাস শুরুর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু অচলাবস্থা কাটেনি। ১৩ মার্চ রাঙামাটি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন, এমন শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। সে সময় তাঁরা নিজেদের শিক্ষাজীবন নিয়েও শঙ্কা প্রকাশ করেন।
স্কুল স্বাস্থ্য কর্মসূচি জোরদার করা হবে: বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা গতকাল বুধবার মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় মন্ত্রী দেশের উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোয় শিশুদের জন্য ১৫০ জন চিকিৎসক পদায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি উপজেলা পর্যায়ের বিদ্যালয়গুলোয় শিশু-কিশোরদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে স্কুল স্বাস্থ্য কর্মসূচি জোরদার করার আশ্বাস দেন।
এ কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্যমন্ত্রী পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের নেতাদের উপজেলার বিদ্যালয়গুলোতে শিশু স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প করার জন্য আহ্বান জানান।