পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, তারেক রহমান যে ফেরার আসামি, তা যুক্তরাজ্য ও ইন্টারপোলকে (আন্তর্জাতিক পুলিশি সংস্থা) জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীপু মনি এ তথ্য জানান।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
দীপু মনি বলেন, তাঁর (তারেক রহমান) যে পদটি উল্লেখ করেছেন, সেটি কি আছে? যে অঙ্গীকারনামা সই করে তিনি দেশ ছেড়েছিলেন, তাতে বলা হয়েছিল তিনি আর রাজনীতি করবেন না। তিনি পদ ছেড়ে গেছেন। কাজেই তিনি রাজনীতিবিদ নন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাটি চলছে, তাতে হাজির না থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তিনি যে ফেরার আসামি সেটি যুক্তরাজ্য ও ইন্টারপোলকে জানানো হয়েছে। প্রসঙ্গত বিদেশে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে করা মামলায় অনুপস্থিত রয়েছেন তারেক রহমান। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির জ্যেষ্ঠ এ নেতাকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে গত ২৬ মে আদালত তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ভারতের ব্যাখ্যায় সন্তোষ: এদিকে নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কনটেইনার নৌবন্দর নির্মাণের সমীক্ষার ব্যাপারে ভারত যে ব্যাখ্যা দিয়েছে, তা ঠিক আছে বলে মনে করেন দীপু মনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিমালিকানাধীন একটি জমিতে এ নির্মাণের জন্য বেসরকারিভাবে এ প্রস্তাব দেওয়া হয়েছে। এটি সম্ভব কি না, তারা যাচাই করে দেখছে। যদি এ সমীক্ষা ইতিবাচক হয়, তবে এটি নির্মাণের ব্যাপারে তারা আগ্রহী হবে। তখন বাংলাদেশের কাছে তারা অনুমতি চাইবে।
প্রসঙ্গত নারায়ণগঞ্জ অভ্যন্তরীণ কনটেইনার নৌবন্দর নির্মাণের সমীক্ষার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১০ মে এক দরপত্র প্রকাশ করা হয়েছে। ওই দরপত্রে বলা হয়েছে, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের ৪৬ একর জায়গার ওপর ওই সমীক্ষা চালানো হবে।
ওই সমীক্ষার ব্যাপারে গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশের আগে বাংলাদেশ বিষয়টি সম্পর্কে জানত না। এ অবস্থায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি ভারতের কাছে জানতে চায়।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন গত সোমবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের কাছে তাঁর দেশের অবস্থান তুলে ধরে জানান, বাংলাদেশের সঙ্গে আন্তরাষ্ট্রীয় প্রক্রিয়া লঙ্ঘনের কোনো ইচ্ছা ভারতের নেই।