যুক্তরাজ্য ও ভারতের নতুন হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন যুক্তরাজ্যের নবনিযুক্ত হাইকমিশনার অ্যালিসন ব্লেইক (বাঁয়ে) এবং ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা l ছবি: পিআইডি
বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন যুক্তরাজ্যের নবনিযুক্ত হাইকমিশনার অ্যালিসন ব্লেইক (বাঁয়ে) এবং ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা l ছবি: পিআইডি

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেইক ও ভারতের নতুন হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাঁদের পরিচয়পত্র পেশ করেছেন। খবর বাসসের।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইককে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক খুবই প্রাচীন এবং দিনে দিনে তা আরও দৃঢ় হচ্ছে। বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত¯চমৎকার বলে অভিহিত করে আবদুল হামিদ বলেন, অনেক ব্রিটিশ উদ্যোক্তা বাংলাদেশে বিনিয়োগ করছেন এবং ভালো ভাবমূর্তি নিয়ে তাঁরা ব্যবসা করছেন।

রাষ্ট্রপতি আরও বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যের বিগত পার্লামেন্ট নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছেন। এতে প্রতীয়মান হয় যে ব্রিটিশ রাজনীতি সম্পর্কে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

ব্লেইক বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করে বলেন, বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তিনি প্রয়াস চালিয়ে যাবেন।

বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশকালে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের এখন ভালো সময়। ভারত সরকার প্রতিবেশী দুই দেশের মধ্যকার সব অমীমাংসিত ইস্যু সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

রাষ্ট্রপতি বঙ্গভবনে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র ভারত। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করার জন্য ভারতের সরকার এবং সে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি। দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক পর্যায়ক্রমে বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যকার মোটরযান চুক্তি কার্যকর হওয়ার পর এই সম্পর্ক আরও জোরদার হবে।

ভারতের নতুন দূতের মেয়াদকালে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।