যুক্তরাজ্য বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে বৈঠক করেছে। দেড় ঘণ্টা ধরে চলা এ বৈঠকে তাঁরা উন্নয়ন সহায়তা, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আলোচনা করেন। খবর ইউএনবির। চার সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কনজারভেটিভ পার্টির তারিক আহমদ। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন: লেবার পার্টির বীরেন্দ্র শার্মা ও ডেভি আব্রাহামস এবং কনজারভেটিভ পার্টির ম্যারি ম্যাকলিওড।বৈঠক শেষে তারিক আহমদ সাংবাদিকদের বলেন, ব্রিটিশ সরকার বাংলাদেশকে দেওয়া সহায়তা অব্যাহত রাখবে। তবে এ ক্ষেত্রে তাঁরা স্বচ্ছতার বিষয়টিকে গুরুত্ব দেবেন বলে জানান। তারিক আহমদ বলেন, বাংলাদেশ লৈঙ্গিক সমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা উভয়েই নারী।