যুক্তরাজ্য বিএনপির কার্যক্রম স্থগিত
বিএনপির যুক্তরাজ্য শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে।ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গত বুধবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপির যুক্তরাজ্য শাখার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।’দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্য কমিটির কার্যক্রম স্থগিত করার বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই দলটির সেখানকার নেতাদের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব দেখা দেয়। বিভিন্ন সময়ে সেখানে দলীয় কর্মসূচিতে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতিরও ঘটনা ঘটেছে।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১২ সেপ্টেম্বের চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি।