যুক্তরাজ্য, ব্রাজিল ও জেনেভা মিশনে রদবদল
লন্ডনে বাংলাদেশ হাইকমিশন, ব্রাসিলিয়ায় দূতাবাস ও জেনেভায় স্থায়ী মিশনের প্রধান পদে রদবদল হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েসকে ব্রাজিলে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে।
সাবেক পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস এর আগে মালদ্বীপে কমিশনার এবং রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাদার কূটনীতিক মিজারুল কায়েস জেনেভা, টোকিও এবং সিঙ্গাপুরেও বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
এদিকে সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল হান্নানকে যুক্তরাজ্যে হাইকমিশনার পদে বদলি করা হয়েছে। তিনি ইতিপূর্বে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাদার কূটনীতিক আবদুল হান্নান মস্কো, কলকাতা, অটোয়া ও করাচিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে জেনেভায় জাতিসংঘের মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে বদলি করা হয়েছে। এর আগে শামীম আহসান ইরান ও ব্রুনেইতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাদার এ কূটনীতিক এর আগে দিল্লি ও জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।