প্রধানমন্ত্রী ও বিরোধী নেত্রীর সঙ্গে ওয়ার্সির সাক্ষাৎ
যুক্তরাজ্য যথাযথ প্রক্রিয়ায় যুদ্ধাপরাধীদের বিচার চায়
যুক্তরাজ্য ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৃশংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় বিচার দেখতে চায়। যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ-বিষয়ক মন্ত্রী ব্যারোনেস সাইয়েদা ওয়ার্সি গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার সঙ্গে আলাদা সাক্ষাৎকালে এ কথা বলেছেন। বার্তা সংস্থা বাসস জানায়, বৈঠককালে শেখ হাসিনা বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিলের বিধান রয়েছে। যদিও অন্য কোনো দেশে এ ধরনের আইনে এমন সুযোগ নেই।প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে রোহিঙ্গা উদ্বাস্তু ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির অনুরোধ করেন। এ ব্যাপারে তিনি বিশেষ করে, যুক্তরাজ্যসহ বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।প্রধানমন্ত্রী বলেন, সরকার কঠোর হাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে। পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর সরকার কমিশনকে শক্তিশালী ও স্বাধীন সংস্থায় পরিণত করেছে। নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচন আরও সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদ করেছে।শেখ হাসিনা বলেন, বিগত চার বছরে কমিশন সাড়ে পাঁচ হাজারের বেশি নির্বাচন করেছে। এসব নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেনি।বৈঠককালে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, বিশেষ সহকারী আবদুস সোবহান ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।মেজর ইকবালের বাসায়: প্রধানমন্ত্রী গতকাল সকালে রাজধানীর উত্তরায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান এম এম ইকবালের বাসভবনে যান। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন এবং তাঁর পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় অন্যান্যের মধ্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন উপস্থিত ছিলেন।এম এম ইকবাল গত শনিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ব্যারনেস ওয়ার্সি গতকাল রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, শাহবাগের তরুণ প্রজন্মের চলমান আন্দোলন ‘একটি ভালো উদাহরণ’। ওয়ার্সি বলেন, ‘আমরা শুনেছি, বাংলাদেশের অতীতে বেশির ভাগ প্রতিবাদে সহিংসতা ছিল। কিন্তু শাহবাগের আন্দোলনে অহিংসভাবে তরুণেরা তাদের উৎকণ্ঠা ও প্রতিবাদ তুলে ধরেছে।’আগামী নির্বাচন সম্পর্কে যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরে ওয়ার্সি বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা সরকার ও রাজনৈতিক দলগুলো আলোচনা করে ঠিক করবে।’মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার প্রসঙ্গে ওয়ার্সি বলেন, ‘আমরা যুদ্ধাপরাধী বিচারকে সমর্থন করি। তবে এর প্রক্রিয়া উন্মুক্ত, স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এ ক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান হচ্ছে, বিচারে কারও মৃত্যুদণ্ড কাম্য নয়। আমরা কোনো মৃত্যুদণ্ড সমর্থন করি না।’বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী জানান, ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী খালেদা জিয়ার কাছে জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে প্রথম এক বছরে কোন বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে। জবাবে খালেদা জিয়া জানিয়েছেন, দেশকে সামনের দিকে নিয়ে যেতে জাতীয় ঐকমত্য সৃষ্টি করা হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, অবকাঠামোর উন্নয়ন, জ্বালানি ও শিক্ষা-স্বাস্থ্য খাত, দারিদ্র্য বিমোচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভিত্তি শক্তিশালী করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন তিনি।