যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে পাঁচ দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার বিকেলে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি গতকাল বেলা তিনটা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী এ এম এ মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম হানিফ, কূটনৈতিক কোরের ডিন ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। খবর বাসসের।লন্ডন সফরকালে প্রধানমন্ত্রী ২৭ জানুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থসংশিষ্ট এবং বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের সমর্থন ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই দিন শেখ হাসিনা অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বিশ্বশান্তির ওপর ভাষণ দেন এবং হাউস অব কমন্সের একটি অনুষ্ঠানেও যোগ দেন।এর আগে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি খাতে অসামান্য অবদানের জন্য শেখ হাসিনাকে গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ, লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড, লেবার পার্টির এমপি রোশনারা আলীসহ গণমান্য ব্যক্তিরা সাক্ষাৎ করেন। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সিলেটের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ ছিলেন।