বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদ দমনে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী এ প্রত্যাশা ব্যক্ত করেন। গার্ডিয়ান-এর এ প্রতিবেদনটি গত বুধবার প্রকাশিত হয়।
উগ্রপন্থা দমনের জন্য ব্রিটিশ সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, পূর্ব লন্ডনে জামায়াতে ইসলামীর বড় ধরনের প্রভাব আছে। তারা টাকা সংগ্রহ করছে এবং তা পাঠাচ্ছে।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ জিহাদিদের ইন্ধনে কীভাবে জঙ্গিবাদের বিস্তার ঘটছে, সে রকম একটি প্রতিবেদনের অংশ হিসেবে গার্ডিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নেয়। এ সময় প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গেই বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের হুমকি দমনে ব্রিটিশ সরকারকে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে।
কীভাবে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের মধ্যে জঙ্গিবাদের মতাদর্শের বিস্তার ঘটেছে এবং কীভাবে এরা বাংলাদেশেও জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছে—গার্ডিয়ান-এর প্রতিবেদনে সেসব বিষয়ের উল্লেখ রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব লন্ডনে জামায়াতে ইসলামীর তৎপরতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মৌলবাদীরা বাংলাদেশে তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে—এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং কিছু কিছু লোক তাদের মদদ দেওয়ার চেষ্টা করছে। তবে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
জঙ্গিবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।