যুক্তরাজ্যগামী কনটেইনারে ঘুমন্ত শ্রমিক!

মধ্যরাত থেকে কনটেইনারের ভেতরে হ্যাঙ্গারে পোশাক ঝোলানোর কাজ করছিলেন বাবুল ত্রিপুরা। কাজ শেষে ভোরের দিকে সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি। এর মধ্যে কনটেইনারটি সিলগালা করে তা প্রাইম মুভার ট্রেইলারে (কনটেইনারবাহী গাড়ি) তুলে দেওয়া হয়। ঠিক তখনই ঘুম ভাঙে বাবুলের। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে চিৎকার করতে থাকেন তিনি। হাত দিয়ে কনটেইনারের দরজায় একের পর এক আঘাত করেন। এভাবে এক মিনিট, দুই মিনিট করে কত সময় পার হয়েছে, তা আর মনে নেই তাঁর।
সীতাকুণ্ডের সোনাইছড়ির ডিপো থেকে ২০ কিলোমিটার দূরে গতকাল সোমবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর ফটকের সামনে এসে থামে প্রাইম মুভার ট্রেইলারটি। ফটকের সামনে থাকা নিরাপত্তাকর্মীদের একজন ট্রেইলারের থাকা কনটেইনারের ভেতরে কিছু নাড়াচাড়া করার শব্দ শুনতে পান। বিষয়টি দ্রুত বন্দরের নিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান তিনি। পরে কনটেইনার খুলে বাবুল ত্রিপুরাকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রপ্তানি পণ্য (পোশাক) বোঝাই এই কনটেইনারটি সীতাকুণ্ডের কেডিএস লজিস্টিকস লিমিটেড ডিপো থেকে বন্দর দিয়ে জাহাজে করে যুক্তরাজ্য নেওয়া হচ্ছিল।
বন্দর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ রায় প্রথম আলোকে বলেন, গরমের কারণে পানিশূন্যতায় ভুগছিলেন বাবুল। তিনি এখন শঙ্কামুক্ত।
বন্দর ও ডিপোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুল ত্রিপুরা প্রায় সাড়ে তিন ঘণ্টা কনটেইনারের ভেতরে আটকে ছিলেন। এ ঘটনার মাত্র পাঁচ দিন আগে ডিপোতে শ্রমিক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গায়।
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লে. কর্নেল আবদুল গাফফার প্রথম আলোকে বলেন, এই শ্রমিককে উদ্ধার করা না গেলে দেশের বড় ক্ষতি হতো। এতে পোশাকশিল্পও ভাবমূর্তির সংকটে পড়ত। চট্টগ্রাম বন্দরের সুনাম ক্ষুণ্ন হতো।
বেসরকারি ডিপোতে কনটেইনারে পণ্যবোঝাই ও শুল্কায়ন প্রক্রিয়া শেষ করে প্রাইম মুভার ট্রেইলারে করে বন্দরে এনে সরাসরি জাহাজে তুলে দেওয়া হয়। প্রায় ৪০ ফুট লম্বা এই কনটেইনারটি গতকাল ভোরে যখন সিলগালা করা হয়, তখন তখন কাস্টমসের কেউ সেখানে ছিলেন না বলে জানান ডিপোতে নিয়োজিত শ্রমিকদের মাঝি (সর্দার) মিলন ত্রিপুরা।