যুক্তরাজ্যপ্রবাসী তরুণী খুন, গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলায় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক সেহলিনাত ইলাত ইউনা (২৪) খুন হয়েছেন। গত শনিবার রাতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের গোমড়া এলাকায় ব্যক্তিগত গাড়ি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

এদিকে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকা থেকে গতকাল রোববার মিছবাহ বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সেহলিনাত মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজুরা এলাকার জয়নুর রহমানের মেয়ে। মৌলভীবাজার সদর মডেল থানা সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১১টার দিকে গোমড়া এলাকায় ক্ষুদ্র ও কুটিরশিল্প (বিসিক) নগরের কাছে ব্যক্তিগত গাড়িতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ ও গাড়িটি উদ্ধার করে। তিন বছর আগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের যুক্তরাজ্যপ্রবাসী জামিলুর রশীদের সঙ্গে সেহলিনাত ইলাত ইউনার বিয়ে হয়। মাস খানেক আগে তিনি দেশে আসেন। তাঁর স্বামী যুক্তরাজ্যে অবস্থান করছেন। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, সেহলিনাত অধিকাংশ সময় গাড়ি নিজেই চালাতেন। শনিবার সন্ধ্যার পর তিনি গাড়ি নিয়ে বাসা থেকে বের হন। ক্রেডিট কার্ড থেকে পুলিশ তাঁর পরিচয় জানতে পারে। লাশের মাথার পেছনে জখমের চিহ্ন রয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা বের করতে তদন্ত চলছে।

জগন্নাথপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের ইকড়ছই এলাকার রুবেল আহমদের স্ত্রী মিছবাহ বেগম শনিবার রাতে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন। গতকাল সকালে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। জগন্নাথপুর থানার ওসি এস এম মাকছুদুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।