
নিখোঁজ হওয়ার সাড়ে তিন মাস পর যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালক রেজাউল হককে গতকাল সোমবার ভোরে গাজীপুরের টঙ্গীতে পাওয়া গেছে। মুজিবুরের স্বজনেরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে অপহরণ করা হয়েছিল। গতকাল অপহরণকারীরা তাঁকে ছেড়ে দেন।
গত ৪ মে ‘হত্যা-গুম’-এর প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপির এক সমাবেশে যোগ দিয়ে সিলেটে যাওয়ার পথে মুজিবুর রহমান ও গাড়িচালক রেজাউল নিখোঁজ হন। খোঁজ মেলেনি গাড়িটিরও। মুজিবুর রহমান যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। নিখোঁজ হওয়ার এক দিন পর তাঁর পরিবারের পক্ষ থেকে রবিউল ইসলাম সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে এটিকে নিয়মিত মামলা হিসেবে নেয় পুলিশ।
মুজিবুর রহমানের স্ত্রীর ভাই আনোয়ার হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে টঙ্গী এলাকায় মুজিবুর রহমান ও তাঁর গাড়িচালককে ফেলে যান অপহরণকারীরা। এরপর তিনি অটোরিকশা নিয়ে রাজধানীর গুলশানে তাঁর (আনোয়ার) বাসায় এলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আনোয়ার হোসেন জানান, মুক্ত হওয়ার পর মুজিবুর বলেছেন, সুনামগঞ্জ থেকে সিলেটে আসার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একদল লোক টুকেরবাজার এলাকায় তাঁর গাড়ি থামিয়ে চালকের কাছে গাড়ির কাগজপত্র চান। চালক কাগজপত্র দিলে তাঁরা জানান, এগুলো ভুয়া কাগজ। এরপর তাঁরা মুজিবুরকে গাড়িতে তুলে নেন। আর চালককে বলেন, ‘তোমার কিছু হবে না, তোমারে থানায় দিব।’ এই বলে চালককে অন্য গাড়িতে তোলা হয়। গাড়িতে তোলার পর মুজিবুরের মুখমণ্ডলে চেতনানাশক কিছু স্প্রে করা হয়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। এরপর একটি বাসায় নিয়ে রাখা হয় তাঁদের। তাঁরা দুজন এই তিন মাস ১২ দিন আলাদা ঘরে ছিলেন। উদ্ধার হওয়ার আগ পর্যন্ত দুজনের আর দেখা হয়নি।
‘তারেক রহমান সম্পর্কে জানতে চাওয়া হতো’: মুজিবুরের স্বজনেরা জানান, তিনি তাঁদের বলেছেন, দিনের বেশির ভাগ সময়ই তাঁর চোখ বাঁধা থাকত। খাবার খেতেন চোখ বাঁধা অবস্থায়। পাহারাদারেরা বলে দিতেন থালায় কী ধরনের খাবার আছে। শুধু বাথরুমে যাওয়ার সময় চোখের বাঁধন খুলে দেওয়া হতো। মাঝেমধ্যে তাঁকে রাবারজাতীয় কিছু দিয়ে মারধর করা হতো। তাঁর শরীরে আঘাতের বেশ কিছু চিহ্ন রয়েছে। নির্যাতন করে অপহরণকারীরা তারেক রহমান সম্পর্কে তাঁর কাছে জানতে চাইতেন। তারেক রহমান লন্ডনে কী করেন, রাজনীতি নিয়ে তাঁর ইচ্ছা কী—এসব জানতে চাইতেন। একসময় তাঁর কাছে ১২ কোটি টাকা দাবি করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ঘরে অন্যরা এলে পাহারাদারেরা তাঁদের ‘স্যার’ বলে সম্বোধন করতেন। সর্বশেষ তাঁকে একটি দোতলা বাড়িতে রাখা হয়। গত রোববার রাতে যখন তাঁকে চোখ বেঁধে নামানো হয়, তখন তাঁকে সিঁড়ি বেয়ে নামতে হয়। এরপর তাঁকে এবং চালককে একটি গাড়িতে তুলে গতকাল ভোরের দিকে একটি সেতুর কাছে এনে নামিয়ে দেওয়া হয়। পরে তাঁরা জানতে পারেন, এটি গাজীপুরের টঙ্গী এলাকা। পরে তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে সকাল আটটার দিকে গুলশানে আনোয়ার হোসেনের বাসায় আসেন। তিনি অসুস্থবোধ করায় আনোয়ার হোসেন সকাল ১০টার দিকে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন।
আনোয়ার হোসেন বলেন, মুজিবুর অপহরণকারীদের কথাবার্তা ও আচরণে নিশ্চিত হয়েছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী তাঁকে অপহরণ করেছিল। তাঁরা প্রায়ই মুজিবুরের সঙ্গে ইংরেজিতে কথা বলতেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ রাত নয়টার দিকে বলেন, মুজিবুর ও তাঁর গাড়িচালক বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১৬ এপ্রিল একই কায়দায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন ব্যবসায়ী আবু বকর সিদ্দিক। তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী। ১৭ এপ্রিল রাতে রাজধানীর মিরপুর এলাকায় অপহরণকারীরা তাঁকে ছেড়ে দেয়। কে বা কারা তাঁকে ধরে নিয়েছিল, তা আজও জানা যায়নি। এ ছাড়া গত ৫ মার্চ ময়মনসিংহের ভালুকা থেকে একসঙ্গে তিন সহোদরকে বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। ৯ মার্চ ভোররাতে বাড়ি থেকে আট কিলোমিটার দূরে তাঁদের ছেড়ে দিয়ে যায় অপহরণকারীরা। এঁদের কারও কাছেই মুক্তিপণ চাওয়া হয়নি।