যুক্তরাজ্যপ্রবাসীসহ পাঁচজনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রফুল্ল সরকার (৫৫) হত্যার ঘটনায় এক যুক্তরাজ্যপ্রবাসীসহ পাঁচজনকে আসামি করে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। পুলিশ গতকাল শনিবার সকালে যুক্তরাজ্যপ্রবাসী হরমুজ আলীকে গ্রেপ্তার করেছে। বিমানবন্দর পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকালে সিলেট শহরতলীর ধোপাগুল এলাকা থেকে পুলিশ লাগেজভর্তি প্রফুল্লের তিন টুকরা লাশ উদ্ধার করে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। লাশ গ্রহণ করেই রাত সাড়ে ১০টার দিকে প্রফুল্লের ছেলে সজল নম বাদী হয়ে মামলা করেন। মামলায় লন্ডনি রোডের বাসিন্দা যুক্তরাজ্যপ্রবাসী হরমুজ আলী (৫৫), তাঁর দুই ছেলে, সহযোগী আবদুল মনাফ ও আবদুস সোবহানকে আসামি করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, মামলাটি রাতেই নথিভুক্ত করা হয়। শনিবার ভোরে হরমুজকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। হরমুজকে গতকাল আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। প্রফুল্ল সরকার গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি এলাকার জলমহালে নিজেদের সম্প্রদায় মৎসজীবীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন তিনি। প্রফুল্লের বড় ছেলে স্বপন সরকার জানান, জলমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে কিছু দিন আগে হরমুজ মিয়া তাঁর বাবাকে হত্যা করে বস্তায় ভরে রাস্তায় ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। বিষয়টি তিনি ইউপি চেয়ারম্যানকে জানিয়েছিলেন। চেয়ারম্যান বিষয়টি দেখবেন বলে আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তাঁর আগেই গত বুধবার থেকে নিখোঁজ হয়ে যান তাঁর বাবা। যোগাযোগ করলে নন্দিরগাঁও ইউপির চেয়ারম্যান মামুনুর রশীদ প্রথম আলোকে নিশ্চিত করেন, নিখোঁজ হওয়ার চার-পাঁচদিন আগে প্রফুল্ল তাঁকে বিষয়টি বলেছিলেন। তিনি কোনো পদক্ষেপ নেওয়ার আগেই এই জনপ্রতিনিধি নির্মমভাবে খুন হলেন।