যুক্তরাজ্যফেরত এক ব্যক্তি খুন
সিলেটের বিশ্বনাথ সদরে শেখ তাহির আলী নামের যুক্তরাজ্যফেরত এক ব্যক্তি খুন হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে বিশ্বনাথ থানার প্রায় ৩০০ গজ দূরে নিজের বাসায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও দায়ের কোপে প্রাণ হারান তিনি। এ সময় দুর্বৃত্তরা তাঁর এক ছেলেকেও গুরুতর আহত করে। নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ তাহির আলী (৬৮) সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করতেন। শুক্রবার রাত দুইটার দিকে ২০-২৫ জনের সশস্ত্র দল তাঁর বসতঘরের কলাপসিবল গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা শেখ তাহির আলী ও তাঁর ছেলে আজাদ মিয়ার নাম ধরে ডাকতে থাকে। একপর্যায়ে শয়নকক্ষে গিয়ে দা ও ছুরি দিয়ে তাঁদের আঘাত করে জখম করে মেঝেতে ফেলে রাখে। এ সময় পরিবারের অন্য সদস্যদের পিস্তলসহ অস্ত্রের মুখে জিম্মি রাখা হয়। পরে প্রায় ৯০ ভরি স্বর্ণালংকার, ১৫ ভরি রুপা, নগদ প্রায় আড়াই লাখ টাকা ও প্রায় দেড় লাখ পাউন্ড লুট করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শেখ তাহিরকে মৃত ও আজাদকে আহত অবস্থায় উদ্ধার করে।