যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে রাষ্ট্রদূত পদে রদবদল হচ্ছে
কাজে গতি আনতে সরকার বিদেশের বেশ কয়েকটি হাইকমিশন ও দূতাবাসের মিশনপ্রধানের পদে পরিবর্তন আনতে যাচ্ছে। এর অংশ হিসেবে লন্ডন, ব্রাসেলস ও রোমের মিশনপ্রধান পদে রদবদল করা হচ্ছে। এ ছাড়া স্পেনে নতুন রাষ্ট্রদূত নিয়োগ এবং কাতার থেকে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলেছে, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মো. আবদুল হান্নানকে রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হচ্ছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমাত জাহান। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহাদাত হোসেনকে বদলি করা হচ্ছে বেলজিয়ামে।
বিসিএস ১৯৮৪ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা আবদুল হান্নান ২০১৪ সালের সেপ্টেম্বরে লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগ দেন। তিনি লন্ডনে সাবেক পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের স্থলাভিষিক্ত হন। লন্ডনে যাওয়ার আগে আবদুল হান্নান জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
বিসিএস ১৯৮২ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা ইসমাত জাহান ২০০৯ সালের আগস্ট থেকে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রদূত হিসেবে নেদারল্যান্ডসে প্রথম দায়িত্ব পালন করেন তিনি। এরপর তিনি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।
বিসিএস ১৯৮৪ (পররাষ্ট্র ক্যাডার) ব্যাচের কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ২০১২ সালের সেপ্টেম্বরে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। এর আগে তিনি কাতার ও শ্রীলঙ্কায় যথাক্রমে রাষ্ট্রদূত ও হাইকমিশনার ছিলেন।
এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারকে তিন বছরের জন্য স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। কাতারে রাষ্ট্রদূত হিসেবে নতুন কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি।
বাংলাদেশের নতুন দূতাবাস ডেনমার্কে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন পেশাদার কূটনীতিক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উপ-মিশনপ্রধান আবদুল মুহিত। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) মাহবুব হাসান সালেহ।