যুক্তরাজ্যে অভিবাসন বিতাড়ন কেন্দ্রগুলোতে (ইমিগ্রেশন রিমোভাল সেন্টার-আইআরসি) প্রায় এক সপ্তাহ ধরে চলছে অভিবাসীদের অনশন। আটক অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি রয়েছেন। এসব বাংলাদেশির অনেকেই অভিযোগ করেছেন, ইমিগ্রেশন কর্মকর্তাদের ভুল পরামর্শে তাঁরা আটক হয়েছেন।
সেবার নিম্নমান, অমানবিক আচরণ এবং অনির্দিষ্টকালের জন্য বন্দী করে রাখাসহ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে না দেওয়ার অভিযোগে অনশন করছেন আটক অভিবাসীরা। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে যাঁদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে এবং নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে, এ রকম প্রায় সাড়ে তিন হাজার অভিবাসী দেশটির মোট ১৪টি আইআরসিতে আটক আছেন।
গত সোমবার লন্ডনের হিথরো বিমানবন্দরের কাছে অবস্থিত হার্মন্ডসওয়ার্থ সেন্টারের কয়েক শ বন্দী অনশন শুরু করেন। এরপর দেশের অন্য কেন্দ্রগুলোতে তা ছড়িয়ে পড়ে।
হার্মন্ডসওয়ার্থ সেন্টারে আটক বাংলাদেশিরা এই প্রতিবেদককে মুঠোফোনে জানান, যে অবস্থায় তাঁদের রাখা হয়েছে তা কারাগারের চেয়ে খারাপ। সময়মতো চিকিৎসাসেবা পাচ্ছেন না। আইআরসির কর্মচারীদের আচরণে তাঁরা অতিষ্ঠ। তাঁদের যুক্তরাজ্যে থাকতে দেওয়া হবে, না দেশে ফেরত পাঠানো হবে কিংবা কত দিন আটক রাখা হবে, কিছুই তাঁরা জানেন না।
আটক ব্যক্তিদের মধ্যে সিলেটের বিশ্বনাথের সায়েক আলী ও গিয়াস উদ্দিন এবং বিয়ানীবাজারের আবদুল মুহিদ আটক আছেন পাঁচ মাস ধরে। দক্ষিণ সুরমার লালাবাজারের সৈয়দ জাকির হোসেন, সিলেট সদরের খাদিম পাড়ার আলী আহমদ, গোলাপগঞ্জের মাসুম এবং বিয়ানীবাজারের জিল্লুর রহমান আটক আছেন তিন মাসের বেশি সময়।
গিয়াস উদ্দিন বলেন, ‘বাংলাদেশে মা অসুস্থ। আমি দেশে চলে যেতে চাই। কিন্তু আমাকে টিকিট দেওয়া হচ্ছে না।’
এসব বাংলাদেশি জানান, তাঁদের ফাঁদে ফেলতে ইমিগ্রেশন কর্মকর্তারা রাজনৈতিক আশ্রয়ের আবেদনের পরামর্শ দেন। কিন্তু ওই আবেদনের বিপরীতে যথেষ্ট প্রমাণ হাজির করার সুযোগ না দিয়ে দ্রুত তা প্রত্যাখ্যান করেন এবং তাঁদের আইআরসিতে আটক রাখা হয়। তাঁরা বলেন, তাঁদের পর্যাপ্ত সময় দেওয়া হোক, যাতে তাঁরা প্রয়োজনীয় প্রমাণাদি সংগ্রহ করে আইনি লড়াই চালাতে পারেন।
গত শনিবার তাঁরা অনশন ভাঙলেও বন্দীদের মধ্যে ক্ষুব্ধভাব ভাব বিরাজ করছে বলে জানান তাঁরা।
হার্মন্ডসওয়ার্থ সেন্টারে মোট বন্দী রয়েছে ৬১৫ জন। বাংলাদেশি বন্দীরা জানান, একটি ব্লকে তাঁরা প্রায় ২৫ থেকে ৩০ জন বাংলাদেশি রয়েছেন। পুরো সেন্টারে শতাধিক বাংলাদেশি বন্দী রয়েছেন বলে তাঁদের ধারণা।
গত ৫ সেপ্টেম্বর মর্টন হল সেন্টারে বাংলাদেশি শিক্ষার্থী রুবেল আহমদের রহস্যজনক মৃত্যুসহ আরও বেশ কিছু ঘটনায় যুক্তরাজ্যে আটক অভিবাসীদের প্রতি আচরণের বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়। যুক্তরাজ্য ইউরোপের মধ্যে একমাত্র দেশ, যেখানে অভিবাসীদের বন্দী করে রাখার কোনো নির্দিষ্ট সীমা নেই।
বেইল ফর ইমিগ্রেশন ডিটেইনি, দ্য রিফিউজি কাউন্সিলসহ অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করে এমন আন্তর্জাতিক সংগঠনগুলো চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে।