যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনায় বাংলাদেশিরা পঞ্চম
বাংলাদেশে জীবন হুমকির সম্মুখীন—এমন আশঙ্কার কথা ব্যক্ত করে ২০১৬ সালে ২ হাজার ২৩৪ বাংলাদেশি নাগরিক যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করেছেন। ২০১৬ সালে বিভিন্ন দেশ থেকে যুক্তরাজ্যে আশ্রয় আবেদন করার তালিকায় বাংলাদেশের নাগরিকদের অবস্থান পঞ্চম।
গত বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কর্তৃপক্ষের অভিবাসনবিষয়ক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, ২০১৫ সালের তুলনায় গত বছর যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদন বেড়েছে ৯১৪টি। তবে আবেদন সফল হওয়ার ক্ষেত্রে বেশ পিছিয়ে আছেন বাংলাদেশিরা। ২০১৬ সালে মাত্র ৬ শতাংশ বাংলাদেশি নাগরিকের আবেদন প্রাথমিক বিবেচনায় উতরে গেছে। বাকিগুলো প্রত্যাখ্যাত হয়েছে।
যুদ্ধ, সংঘাত, ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক কারণে নিজ দেশে জীবন হুমকির সম্মুখীন—এমন ব্যক্তি ও পরিবার যুক্তরাজ্যে শরণার্থী হিসেবে আশ্রয় চাইতে পারে। আবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ম অনুযায়ী, নিজ দেশে নির্যাতনের শিকার হতে পারেন—এমন কোনো ব্যক্তিকে ওই দেশে ফেরত পাঠাতে পারে না যুক্তরাজ্য। সাধারণত যুক্তরাজ্যে অবস্থান করছেন—এমন বিদেশিরা নিজ দেশে ফেরত না যেতে আশ্রয়ের আবেদন করেন।
প্রতিবেদনে দেখা যায়, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং সিরিয়া সংঘাতের কারণে গত বছর শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন আগের বছরের তুলনায় চার ভাগ কমেছে। আবেদন পড়েছে ৩৮ হাজার ৫১৭টি। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছেন ইরানি নাগরিকেরা; ৪ হাজার ৭৯২ জন। দ্বিতীয় অবস্থানেই আছে পাকিস্তান। দেশটির ৩ হাজার ৭১৭ জন নাগরিক আশ্রয় চেয়েছেন। এর পরেই আছে ইরাক ও আফগানিস্তানের নাম। পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ।
যুক্তরাজ্যে বাংলাদেশিদের আশ্রয় আবেদন নিয়ে কাজ করেন—এমন এক আইনজীবী বলেন, বিরোধী রাজনীতিক, ব্লগার, ভিন্নমতের সাংবাদিক কিংবা ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে বাংলাদেশে জীবন হুমকির সম্মুখীন বলে মনে করছেন—এমন ব্যক্তিরাই যুক্তরাজ্যে আশ্রয় আবেদন করছেন।
বর্তমানে অন্যতম অস্থিতিশীল দেশ সিরিয়ার নাগরিকেরা আশ্রয় আবেদনের তালিকায় নবম স্থানে। দেশটির নাগরিকদের আবেদন আগের বছরের তুলনায় ৪৩ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৫৮৮টি। গত বছর যুক্তরাজ্যে ৯ হাজার ৯৩৩ জনের আশ্রয় আবেদন প্রাথমিক বিবেচনায় উতরে গেছে, যা মোট আবেদনের ৩২ ভাগ। আবেদন সফল হওয়ার ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন ইরানের নাগরিকেরা। দেশটির ৩৯ শতাংশ আশ্রয় আবেদন সফল হয়েছে। পাকিস্তানের নাগরিকদের ১৬ শতাংশ, ইরাকের ১৩ শতাংশ এবং আফগানিস্তানের নাগরিকদের ৩৫ শতাংশ আবেদন সফল হয়েছে।
গত ২০ ডিসেম্বর ব্রিটিশ পার্লামেন্ট লাইব্রেরির প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ইইউভুক্ত দেশগুলোতে আশ্রয় চেয়ে প্রাথমিক আবেদন পড়ে মোট ৫ লাখ ৯৩ হাজার ১৪০টি। এর মধ্যে বাংলাদেশিদের আবেদন ছিল ১১ হাজার ৯০টি।