যুক্তরাজ্যে ছাত্র ভিসা আরও কড়াকড়ি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ছাত্র ভিসা পাওয়ার ক্ষেত্রে আরও কড়াকড়ি করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র দপ্তর গত বুধবার এ কথা জানিয়েছে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো বলেছে, এই কড়াকড়ির কারণে বহির্বিশ্বে তাদের সুনাম নষ্ট হচ্ছে।তবে যুক্তরাজ্যের অভিবাসীমন্ত্রী ডেমিয়ান গ্রিন সন্তোষ প্রকাশ করে বলেছেন, যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো কাজ করতে শুরু করেছে। এ ছাড়া ২০১২ সালের এপ্রিল মাস থেকে ছাত্র ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও কড়াকড়ি করা হবে।স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন যেসব বিষয়ে কড়াকড়ি আরোপ করা হবে, সেগুলোর মধ্যে রয়েছে, পড়াশোনা শেষে কাজ করার অনুমতি বন্ধ করে দেওয়া। এই সুযোগের আওতায় এত দিন বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাজ্যে পড়াশোনা শেষ করার পরও দুই বছর অবস্থান করে কাজ করার সুযোগ পেতেন। নতুন নিয়মের আওতায় আগামী বছরের এপ্রিল থেকে যাঁরা পড়াশোনা শেষে থেকে যাওয়া বা কাজ করার চেষ্টা করবেন, তাঁরা একমাত্র দক্ষ কর্মীর ভিসা পেলেই কেবল তা পারবেন।ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন শিক্ষা নিয়ে প্রতারণা বন্ধ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় যুক্তরাজ্যের সাড়ে চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বিদেশি ছাত্র ভর্তির সুযোগ হারাবে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নতুন নিয়মের আওতায় ছাত্র ভর্তির যোগ্যতা হারিয়েছে। এর ফলে এ বছর ১১ হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন না।তবে নতুন এ কড়াকড়ির সমালোচনা করেছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা ইউনিভার্সিটি ইউকে সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মতো ‘একই ধরনের ক্ষতিকর ভুল’-এর ধাক্কা সহ্য করতে পারবে না যুক্তরাজ্য।