যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার

মো. নাজমুল কাউনাইনকে বাংলাদেশ সরকার যুক্তরাজ্যে পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি এখন ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান সম্প্রতি অবসরে গেছেন।
পেশাদার কূটনীতিক নাজমুল কাউনাইন বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ইন্দোনেশিয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া কূটনীতিক হিসেবে তিনি ওয়াশিংটন, জেনেভা, ইসলামাবাদ ও লন্ডনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
নাজমুল কাউনাইন ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে কূটনীতি ও আন্তর্জাতিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।