যুক্তরাজ্যে পালিত হলো আলতাব আলী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে গতকাল বুধবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় আলতাব আলী দিবস পালিত হয়েছে। দিবসটিকে স্মরণীয় করে রাখার জন্য ওই দিন পুনরায় চালু করা হয়েছে বাংলা টাউনে বাঙালিদের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র কবি নজরুল সেন্টার। 

নির্বাহী মেয়র জন বিগসের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কাউন্সিল আলতাব আলী দিবস পালনের পাশাপাশি নজরুল সেন্টার পুনরায় চালু করেছে।
বাঙালি যুবক আলতাব আলী ১৯৭৮ সালের ৪ মে বর্ণবাদীদের হাতে নিহত হয়েছিলেন। এই হত্যা যুক্তরাজ্যজুড়ে আলোড়ন সৃষ্টি করে। পরবর্তী সময়ে তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য ১৯৯৮ সালে সেন্ট মেরিস পার্কের নাম বদল করে রাখা হয় আলতাব আলী পার্ক। পার্কের নিকটবর্তী এডলার স্ট্রিটে আলতাব আলী নিহত হয়েছিলেন।
সর্বশেষ মেয়র নির্বাচনের আগে লেবার দলীয় প্রার্থী জন বিগস ঘোষণা দিয়েছিলেন, নির্বাচিত হলে ৪ মে আলতাব আলী হত্যার দিনটি আলতাব আলী দিবস ঘোষণার পাশাপাশি একে কাউন্সিলের উদ্যোগে পালন করা হবে। নির্বাচিত হয়ে তিনি এই দিবস পালনের উদ্যোগ নেন।

গতকাল সন্ধ্যায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ও ফার্স্ট সিটিজেন আবদুল মুকিত প্রথমে আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র জন বিগস ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান। এরপর বিভিন্ন সংগঠনের নেতারা ফুল দেন। এ ছাড়া ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, লিড মেম্বার ফর কালচার কাউন্সিলর আসমা বেগম ও লিডার অব দ্য অপজিশন কাউন্সিলর ওলিউর রহমানসহ অন্য কাউন্সিলররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মেয়র জন বিগস বলেন, ‘আমাদের সমাজে এখনো বর্ণবাদ বিদ্যমান। এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এ দিনটিতে আমরা আলতাব আলীকে স্মরণের পাশাপাশি বর্ণবাদের বিরুদ্ধেও কথা বলব।’

এদিকে স্থানীয় এমপি রুশনারা আলী পৃথক এক বিবৃতিতে আলতাব আলীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, আজ থেকে ৩৮ বছর আগে তাঁর নৃশংস হত্যাকাণ্ড ইস্ট এন্ড জুড়ে বর্ণবাদের ভয়াবহ স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। একবিংশ শতাব্দীতে ইসলামোফোবিয়া, এন্টি সেমিটিজম অথবা অন্য কোনো ধরনের বর্ণবাদের ঠাঁই নেই।