যুক্তরাজ্যে প্রতারণা করে আবাসন ভাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির মাধ্যমে যুক্তরাজ্যের আবাসন ভাতা নিচ্ছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ ইতালির কিছু নাগরিক। তাঁদের বেশির ভাগই আবার ইতালির পাসপোর্টধারী বাংলাদেশি। লন্ডনের রেডব্রিজ কাউন্সিলের এক তদন্তে বিষয়টি ধরা পড়েছে।
রেডব্রিজ কাউন্সিল ১৯ মে প্রতারণার দায়ে ১৩৯ ইতালীয় নাগরিককে চিহ্নিত করে। এঁদের বেশির ভাগই বাংলাদেশি বংশোদ্ভূত বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ওই দিনই প্রতারণার দায়ে ১০ জন এবং জালিয়াতিতে সহায়তার দায়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এতে বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশরা।
ইইউর সদস্যদেশ হিসেবে যুক্তরাজ্যে ইউরোপের এই জোটভুক্ত ২৮টি দেশের নাগরিকদের অবাধ প্রবেশাধিকার রয়েছে। কিছু শর্ত সাপেক্ষে তাঁরা যুক্তরাজ্যের কল্যাণ-সুবিধাগুলো পেয়ে থাকেন। এর মধ্যে আবাসন ভাতা (হাউজিং বেনিফিট) অন্যতম। তুলনামূলক উদার কল্যাণনীতির কারণে এসব সুবিধা নিতে ইতালি, স্পেন, পর্তুগালসহ ইইউভুক্ত বিভিন্ন দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিরা যুক্তরাজ্যে এসে বসতি গড়ছেন। তবে সম্প্রতি এই হার আরও বেড়েছে। ব্রিটিশ সরকার ইইউর অভিবাসীদের কল্যাণ-সুবিধা চার বছর পর্যন্ত স্থগিত করার উদ্যোগ নেওয়ার কারণেই এমনটি হচ্ছে। কারণ, নতুন নিয়ম কার্যকর হলে সরকারের কল্যাণ খাতায় আর নাম তোলা যাবে না।
যুক্তরাজ্যে কর্মসংস্থান কিংবা সরকারি সুবিধা পেতে ন্যাশনাল ইনস্যুরেন্স (এনআই) নম্বর থাকতে হয়। আর আবাসন ভাতা পেতে ইইউর অভিবাসীদের প্রমাণ করতে হয় যে তাঁরা যুক্তরাজ্যে কাজ করে যে বেতন পান, তা আবাসনের ব্যয় বহনে যথেষ্ট নয়।
রেডব্রিজ কাউন্সিল জানায়, গত বছরের মাঝামাঝিতে কাউন্সিলে আবাসন ভাতার জন্য ইতালীয় নাগরিকদের আবেদন হঠাৎ করেই বেড়ে যায়। অনেক আবেদনকারী সপ্তাহে মাত্র ১৫৬ পাউন্ড আয় করেন বলে উল্লেখ করেন, যা খুবই অস্বাভাবিক। ফলে পুলিশ ও সরকারের কর্মসংস্থান বিভাগকে যুক্ত করে এক বছর ধরে গোপনে অনুসন্ধান চালায় কাউন্সিল।
অনুসন্ধানে ধরা পড়ে, ইতালির পাসপোর্টধারী অনেক বাংলাদেশি লন্ডনে এসে এনআই নম্বর সংগ্রহ করে দিনেদিনেই ইতালি ফিরে গেছেন। অথচ যুক্তরাজ্যে কর্মসংস্থান দেখিয়ে তাঁদের এনআই নম্বরের বিপরীতে আবাসন ভাতা আদায় করা হয়েছে। অনেকে যুক্তরাজ্যে বাস করলেও তাঁরা ভুয়া কাগজপত্র দেখিয়ে সুবিধা আদায় করছেন।
কাউন্সিলের একজন মুখপাত্র জানান, গত তিন বছরে আবাসন ভাতা বাবদ কাউন্সিলের কাছ থেকে প্রায় ১২ লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রগুলো।
ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন ইউকের সাধারণ সম্পাদক রেজাউল করিম মনে করেন, যুক্তরাজ্যে ইংরেজি ও বাংলা ভাষায় শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষারও বেশ সুবিধা আছে। তাই সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই মূলত ইইউভুক্ত দেশগুলো থেকে বাংলাদেশিরা যুক্তরাজ্যে পাড়ি জমাচ্ছেন। প্রতারণা প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেন, যুক্তরাজ্য ইইউর অভিবাসীদের কল্যাণ-সুবিধায় যে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে, তা কার্যকর হওয়ার আগেই অনেকে সরকারের কল্যাণ খাতায় নাম তুলে রাখছেন। অনেকে আবার অসাধু চক্রের পরামর্শে লোভে পড়েও নিয়ম ভাঙছেন।
সরকারি ভাতার জন্য বাংলাদেশিদের আবেদনে সহায়তা করে, এমন বেশ কিছু পরামর্শক প্রতিষ্ঠানও দেখা যায় পূর্ব লন্ডনে। এসব প্রতিষ্ঠান মূলত নির্দিষ্ট কমিশন কিংবা মাসিক চুক্তিতে যেকোনো উপায়ে সরকারি কল্যাণ-সুবিধা পাইয়ে দেয়।