যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটি সেন্টারে হামলায় অভিযুক্ত ৩৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লিডসে একটি বাংলাদেশি কমিউনিটি সেন্টারে সহিংসতার ঘটনায় ৩৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। খবর ইয়র্কশায়ার ইভিনিং পোস্টের।
গত বছরের মে মাসে লিডসের হেয়ারহিলসের ওই কমিউনিটি সেন্টারে সভা চলাকালে সহিংসতার ঘটনা ঘটে। সেন্টারটির পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হয়। ওই ঘটনায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৩৪ জনের বিরুদ্ধে বিশৃঙ্খলতা সৃষ্টি, অস্ত্র রাখাসহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে। আগামী ৬ ও ৮ এপ্রিল লিডস ম্যাজিস্ট্রেট কোর্টে এসব অভিযোগ উত্থাপনের কথা রয়েছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘সমন্বিত ও দীর্ঘ তদন্তের পর আমরা ৩৪ জনের বিরুদ্ধে মোট ৫৬টি অভিযোগ এনেছি।’
ওই সহিংসতা চলাকালে ছুরি, দাসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সহিংসতায় মাথা কেটে একজন আহত হন এবং কমিউনিটি সেন্টারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ৬ ও ৮ এপ্রিল ওই অভিযোগগুলো লিডস ম্যাজিস্ট্রেট কোর্টে উত্থাপনের কথা রয়েছে।