যুক্তরাজ্যে ১২ সদস্যের একটি পরিবার নিখোঁজ হয়েছে। পুলিশের ধারণা, তারা সিরিয়া চলে গিয়ে থাকতে পারে। খবর বিবিসির।
খবরে পরিবারটিকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, পরিবারটি বাংলাদেশে যাওয়ার পর গত ১৭ মে থেকে নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যে ফেরার পথে তারা তুরস্কে থামে। পরে সিরিয়ায় চলে যায়।
পরিবারটির বাস ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের লুটন শহরে। স্থানীয় পুলিশ বলছে, ওই পরিবার তুরস্কের সীমান্ত পার হয়ে সিরিয়ায় ঢুকেছে কি না, তা পরিষ্কার নয়। ওই পরিবারের কোনো সদস্যের নাম সন্ত্রাসী তালিকায় রয়েছে কি না, সে ব্যাপারে পুলিশ কিছু জানায়নি।
পাশ্চাত্যের বিভিন্ন দেশ থেকে বেশ কিছুসংখ্যক মুসলিম নাগরিক জঙ্গি সংগঠন আইএসের পক্ষে যুদ্ধ করতে বা তাদের ‘ইসলামিক স্টেটে’ বাস করতে তুরস্ক হয়ে সিরিয়া প্রবেশ করেছে।
পরিবারটির সদস্যরা হলেন আবদুল মান্নান (৭৫) ও তাঁর স্ত্রী মিনেরা খাতুন (৫৩), তাঁদের মেয়ে রাজিয়া খানম (২১), ছেলে মোহাম্মদ জাইদ হুসাইন (২৫) মোহাম্মদ তৌফিক হুসাইন (১৯), মোহাম্মদ আবুল কাশেম সরকার (৩১) ও তাঁর স্ত্রী সৈয়দা খানম (২৭), মোহাম্মদ সালেহ হুসাইন (২৬) ও তাঁর স্ত্রী রোশনারা বেগম এবং তাঁদের এক থেকে ১১ বছর বয়সী তিন শিশুসন্তান।