যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত রেস্তোরাঁ মালিকের কারাদণ্ড
যুক্তরাজ্যের উত্তর ইংল্যান্ডে মোহাম্মদ জামান নামে বাংলাদেশি বংশোদ্ভূত একজন রেস্তোরাঁ মালিককে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর রেস্তোরাঁয় খাবার খেয়ে গুরুতর অ্যালার্জিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় গত সোমবার তাঁকে এই দণ্ড দেওয়া হয়েছে।
বিচারকালে বাদীপক্ষের কৌঁসুলিরা আদালতকে বলেন, জামান ‘বেপরোয়া’ আচরণ করেছেন। তিনি খরচ বাঁচাতে তাঁর রেস্তোরাঁয় চীনাবাদামের সঙ্গে বাদামের সস্তা গুঁড়া মেশান। এতে সংশ্লিষ্ট খাবার খেয়ে বাদামজনিত গুরুতর অ্যালার্জিতে আক্রান্ত হন পল উইলসন নামের এক ব্যক্তি। ২০১৪ সালে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তবে বড় ধরনের কোনো অবহেলা প্রদর্শনের মাধ্যমে মানুষ হত্যা, ন্যায়বিচারকে ক্ষতিগ্রস্ত করা এবং ওই ব্যক্তির মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট খাদ্যনিরাপত্তার ছয়টি অপরাধ সংঘটনের অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ জামান।