যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের নেতিবাচক সংবাদ হরহামেশাই চোখে পড়ে। কিন্তু এখানকার বাংলাদেশি নতুন প্রজন্ম শিক্ষাক্ষেত্রে যে তাক লাগানো সাফল্য অর্জন করে চলেছে, সেই খবর অনেকটা অজানা রয়ে গেছে। দেশটির লেবার-দলীয় সাংসদ ফ্র্যাঙ্ক ডবসনের মতে, নানা প্রতিকূলতা পার হয়ে বাংলাদেশি পরিবারের সন্তানেরা শিক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করছে। তারা শত বাধা পার হয়ে ইতিবাচক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে।

গত বছর যুক্তরাজ্যে জিসিএসই এবং এ-লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল করেছে এমন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশিদের সুহৃদ বলে পরিচিত ফ্র্যাঙ্ক ডবসন এ কথা বলেন।

গত সপ্তাহে দি ইকোনমিস্ট-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটি শিক্ষা ও জীবনমান উন্নয়নে এগিয়ে যাচ্ছে। তারা পাকিস্তানি কমিউনিটিকে ছাড়িয়ে গেছে। গত বছরের জিসিএসই পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে বলা হয়, বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের ৬১ শতাংশ পাঁচটির বেশি বিষয়ে ভালো গ্রেড পেয়েছে। পাকিস্তানিদের ক্ষেত্রে এই হার ৫১ শতাংশ। অন্যদিকে, শেতাঙ্গ শিক্ষার্থীদের ৫৬ শতাংশ পাঁচটির বেশি বিষয়ে ভালো গ্রেড পেয়েছে।
ঠিক কী পরিমাণ বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী ২০১৪ সালে জিসিএসই এবং এ-লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তার সঠিক হিসাব পাওয়া যায়নি। তবে হাইকমিশন সূত্রে বলা হয়েছে, তাদের প্রচারে যারা সাড়া দিয়েছে, তারাই কেবল গতকাল রোববারের অনুষ্ঠানে হাজির ছিল।

রোববার পশ্চিম লন্ডনের ক্যামডেন সেন্টারে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ‘আউটস্ট্যান্ডিং এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ শীর্ষক ওই অনুষ্ঠানে ফ্র্যাঙ্ক ডবসন ছাড়াও বক্তব্য দেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়কমন্ত্রী (ডিএফআইডি) ডেসমন্ড সোয়েন এমপি, নিক ডি বয়েস এমপি, বিচারক ক্রেয়ান, লর্ড শেখ, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য (এমইপি) জিন ল্যাম্বার্ড, ডেপুটি হাইকমিশনার খন্দকার এম তালহা ও হাইকমিশনারের স্ত্রী বাংলাদেশ মৎস্য বিভাগের সচিব সেলিনা আফরোজা। হাইকমিশনার এম এ হান্নান অসাধারণ ফলাফল করা ৮২ জন শিক্ষার্থীর হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সাফল্য উদ্‌যাপনের এই অনুষ্ঠানেও ঘুরেফিরে এসেছে পূর্ব লন্ডন থেকে জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি দেওয়া তিন স্কুলছাত্রীর প্রসঙ্গ। তাদের দুজন বাংলাদেশি বংশোদ্ভূত।

ইসলামধর্মে বিশ্বাসীরা অবজ্ঞা ও নেতিবাচক প্রচারের কারণে কঠিন সময় পার করছে মন্তব্য করে ফ্র্যাঙ্ক ডবসন জানান, তাঁর তিন নাতি-নাতনি ইসলামধর্মে বিশ্বাসী এবং তাদেরও নানা অপপ্রচার মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে।

ডিএফআইডি-মন্ত্রী ডেসমন্ড সোয়েন বাংলাদেশে যুক্তরাজ্যের বার্ষিক ২০০ মিলিয়ন পাউন্ডের সহায়তা প্রকল্পের কথা তুলে ধরে শিক্ষার্থীদের মানব উন্নয়নমূলক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।