যুক্তরাজ্যে বিজয়ীদের এবং ভারতকে অভিনন্দন জামায়াতের
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বিজয়ীদের এবং ভারতের পার্লামেন্টে সীমান্ত বিল পাস করায় ভারত সরকারকে অভিনন্দন জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শুক্রবার পৃথক বিবৃতিতে এ অভিনন্দন জানান।
মকবুল আহমাদ বিবৃতিতে বলেন, ‘যুক্তরাজ্যের নির্বাচনে ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন কনজারভেটিভ দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আমি আশা করি, নতুন সরকার ব্রিটেনের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশসহ সারা বিশ্বে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ বিবৃতিতে কনজারভেটিভ পার্টি ছাড়াও লেবার পার্টি ও স্কটল্যান্ড ন্যাশনালিস্ট পার্টিসহ নির্বাচিত প্রতিনিধিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অপর বিবৃতিতে শফিকুর রহমান সীমান্ত বিল পাস করায় বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ ভারতবাসীকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে ১৯৭৪ সাল থেকে ঝুলে থাকা ছিটমহল বিনিময়, অপদখলীয় ভূমি হস্তান্তর ও অনিষ্পন্ন সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হবে।