যুক্তরাজ্যে ভর্তির আবেদন করা বাংলাদেশি শিক্ষার্থীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য সরকার সে দেশের ১৮৬টি কলেজের লাইসেন্স স্থগিত ও বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসা তারা পাবে কি না এবং না পেলে জমা দেওয়া ভর্তি ফি ও টিউশন ফিসহ বিভিন্ন ফি ফেরত পাবে কি না, এ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ থেকে উদ্ধার পেতে বাংলাদেশ সরকার, ব্রিটিশ হাইকমিশন ও ব্রিটিশ সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।গত মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দেশের শিক্ষার্থী পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফরেইন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালট্যান্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফএসিডিসিএবি) সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে তা কেন করা হয়েছে, কত দিনের জন্য করা হয়েছে, তারা আদৌ লাইসেন্স ফেরত পাবে কি না এবং না পেলে এসব কলেজে শিক্ষার্থীরা ভর্তি ও টিউশন ফি বাবদ যে টাকা দিয়েছে, তা কীভাবে ফেরত পাবে এবং ভিসা ফি, মেডিকেল ফি, বিমানের টিকিট, ভিএফএস ফি, পাস ফি ও কুইক সার্ভিস ফি কীভাবে ফেরত দেওয়া হবে, ব্রিটিশ হাইকমিশনের কাছে তার সুস্পষ্ট ব্যাখা আশা করা হচ্ছে।সংবাদ সম্মেলনে বলা হয়, যেসব কলেজ ইতিমধ্যে শিক্ষার্থীদের টাকা নিয়ে ভিসা লেটার ইস্যু করেছে, অথচ ফাইল জমা দিতে পারেনি বা ভিএফএস অফিসে ঝুলে আছে, তাদের ব্যাপারে ব্রিটিশ হাইকমিশন শিগগিরই কী সিদ্ধান্ত নেবে, তা জানা প্রয়োজন। বিজ্ঞপ্তি।