যুক্তরাজ্যে ভিসার জন্য স্বাস্থ্য কর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভারতসহ ইউরোপের বাইরের অন্যান্য দেশের নাগরিকদের যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় ‘অতিরিক্ত স্বাস্থ্য কর’ দিতে হবে। এ সিদ্ধান্ত আগামী ৬ এপ্রিল থেকে কার্যকর হবে। দেশটির সরকারি সূত্রগুলো গত শুক্রবার এ কথা জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
যুক্তরাজ্যে অবস্থানকালে কোনো চিকিৎসাসেবার প্রয়োজন হলে সেই সুবিধা নিশ্চিত করার জন্যই অতিরিক্ত ওই অর্থ নেওয়া হবে। অ-ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের মধ্যে কেউ যুক্তরাজ্যে ছয় মাসের বেশি সময় অবস্থান করতে চাইলে ওই ‘অতিরিক্ত স্বাস্থ্য কর’ দিতে হবে। তবে ছয় মাসের কম সময়ের জন্য যেসব পর্যটক বা দর্শনার্থী দেশটিতে যাবেন, তাঁরা ওই বাড়তি করের আওতামুক্ত থাকবেন এবং যুক্তরাজ্যে অবস্থানকালীন অর্থের বিনিময়ে চিকিৎসা নিতে পারবেন।
যুক্তরাজ্যের সরকারি সূত্র জানায়, সাধারণ মানুষের জন্য বার্ষিক ‘অতিরিক্ত স্বাস্থ্য কর’ ২০০ পাউন্ড এবং ছাত্রছাত্রীদের জন্য তা ১৫০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। ভিসার জন্য অনলাইনে আবেদন করার সময়ই তাঁদের ওই অর্থ পরিশোধ করতে হবে।