যুক্তরাজ্যে ভিসায় কড়াকড়ি, বাংলাদেশি ছাত্ররা বিপাকে
যুক্তরাজ্যে ছাত্র ভিসায় কড়াকড়ি আরোপের কারণে বিপাকে পড়েছেন সেখানে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্ররা। প্রায়ই ছাত্রদের ভিসার মেয়াদ বাড়ানো হয় না এবং হয়রানির শিকার হন তাঁরা। পূর্ব লন্ডনে এক অভিবাসনবিষয়ক আইনজীবীর অফিসে কয়েক দিন ধরে যাঁরা পরামর্শের জন্য যাচ্ছেন, তাঁদের বেশির ভাগই বাংলাদেশি ছাত্রছাত্রী। খবর বিবিসির।বাংলাদেশের মারুফ আহমেদ শুভ উচ্চশিক্ষার জন্য গত বছরের ফেব্রুয়ারিতে ছাত্র ভিসায় যুক্তরাজ্যে গেছেন। এক বছর পর তাঁর ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করলে তা প্রত্যাখ্যান করে ব্রিটেনের অভিবাসন দপ্তর ইউকেবিএ। দেশটি সম্প্রতি ছাত্র ভিসার নিয়মকানুন কড়াকড়ি করায় তাঁর শিকার হয়েছেন তিনি। মারুফ একটি বেসরকারি কলেজে ভর্তি হয়েছিলেন। বাংলাদেশি ছাত্রদের বেশির ভাগই ব্রিটেনের বিভিন্ন বেসরকারি কলেজে পড়তে যান।লন্ডনে অভিবাসনবিষয়ক আইনজীবী মনোয়ার হোসেন জানান, প্রতিনিয়ত বাংলাদেশি ছাত্ররা সমস্যায় পড়ছেন। অনেকের নতুন করে আবেদন করার সামর্থ্যও নেই। কারণ, আবেদন করতে প্রত্যেকের সাত হাজার ২০০ পাউন্ড প্রয়োজন হয় এবং ২৮ দিনের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। অনেকেই তা দেখাতে পারেন না। এভাবে আবেদন করতে না পেরে অবৈধ হয়ে পড়েন।