
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার লন্ডনে বলেছেন, যুক্তরাজ্যে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও আগামী সংসদীয় নির্বাচন সেভাবেই হবে। যুক্তরাজ্যের কয়েকজন এমপির সঙ্গে প্রাতরাশ বৈঠকে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। সভায় বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনগুলোর কথা উল্লেখ করে সেগুলোতে সব দলের অংশগ্রহণ এবং বিরোধী দল-সমর্থিত প্রার্থীদের নির্বাচিত হওয়ার দৃষ্টান্ত তুলে ধরে শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছে। বৈঠকে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এবং বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের হুমকির বিষয়গুলোও আলোচিত হয়। বৈঠক শেষে ব্যারোনেস মঞ্জিলা পলাউদ্দিন সাংবাদিকদের জানান, তাঁরা আশাবাদী, সবার অংশগ্রহণের ভিত্তিতে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে তাঁরা মৃত্যুদণ্ডের বিধান সমর্থন করেন না বলে নিজেদের অবস্থানের কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের নানা তৎপরতায় তাঁরা মৌলবাদী গোষ্ঠীর উত্থানের আশঙ্কার কথাও বৈঠকে তুলে ধরেন।
ব্যারোনেস পলাউদ্দিন ছাড়াও লর্ড আহমেদ, লর্ড বিলিমরিয়া, জিম ফিটজপ্যাট্রিক ও রুশনারা আলী বৈঠকে উপস্থিত ছিলেন। তবে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক অল পার্টি গ্রুপের চেয়ারপারসন অ্যান মেইনসহ কনজারভেটিভ পার্টির যেসব এমপি বাংলাদেশ-সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানে সচরাচর অংশ নেন, তাঁদের এ সভায় দেখা যায়নি। টিউলিপের বিবাহোত্তর সংবর্ধনা: এর আগে গত রোববার সন্ধ্যায় শেখ হাসিনা তাঁর ছোট বোন শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ সিদ্দিকের বিবাহোত্তর এক সংবর্ধনা অনুষ্ঠানে নবদম্পতির জন্য সবার দোয়া চেয়েছেন। পূর্ব লন্ডনের ওয়েস্ট হ্যাম এলাকায় ইমপ্রেশন ইভেন্টস ভেন্যুতে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কয়েক শ অতিথি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির অন্তত অর্ধডজন এমপিও ছিলেন। তবে ক্ষমতাসীন টোরি পার্টির কেউ ছিলেন না। প্রধানমন্ত্রী বেলারুশ পৌঁছেছেন: বাসস জানায়, প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় তিন দিনের সফরে লন্ডন থেকে বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছেছেন। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় রাত আটটা ২৫ মিনিটে মিনস্ক বিমানবন্দরে পৌঁছায়। মিনস্কে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।