যুক্তরাজ্যে সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিক স্পেনে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে পলাতক আসামির তালিকায় থাকা মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক বাংলাদেশি নাগরিক স্পেনে গ্রেপ্তার হয়েছেন। স্পেনের পুলিশ গত মঙ্গলবার বলেছে, তেনেরিফ দ্বীপের সান্তা ক্রুজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে ঠিক কবে তাঁকে গ্রেপ্তার করা হয়, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এক বিবৃতিতে স্পেন পুলিশ বলেছে, পলাতক ওই আসামি একটি রেস্টুরেন্টে কাজ করতেন। সেখানেই তাঁকে আটক করা হয়।

অস্থায়ী ভিসায় যুক্তরাজ্যে বাস করার সময় জাহাঙ্গীরের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠলে ২০০৮ সালে তিনি সেখান থেকে পালান। তাঁর অনুপস্থিতিতেই ওই মামলায় ২০১০ সালে তাঁকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। স্পেনের পুলিশ বলেছে, যুক্তরাজ্য থেকে পালানোর পর জাল পরিচয়পত্র নিয়ে তিনি স্পেনে প্রবেশ করেন।

স্পেন পুলিশের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাজ্যে অপরাধ করে পালিয়ে স্পেনে ঢুকে পড়া ব্যক্তিদের ধরতে দুই দেশের যৌথ অভিযান ‘অপারেশন ক্যাপচার’-এর অংশ হিসেবে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।