যুক্তরাজ্যে সাহিত্য পুরস্কার জিতলেন জিয়া হায়দার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে সাহিত্য পুরস্কার জিতলেন জিয়া হায়দার
যুক্তরাজ্যে সাহিত্য পুরস্কার জিতলেন জিয়া হায়দার

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক জিয়া হায়দারের প্রথম উপন্যাস ‘ইন দি লাইট অব হোয়াট উই নো’ যুক্তরাজ্যের সাহিত্য পুরস্কার ‘জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ডস-২০১৫’ পেয়েছে।
গতকাল সোমবার এডিনবরা আন্তর্জাতিক বই উৎসবে (এডিনবরা ইন্টারন্যাশনাল বুক ফেস্টিভ্যাল) জিয়া হায়দারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এটি যুক্তরাজ্যের সবচেয়ে পুরোনো সাহিত্য পুরস্কার।
১৯১৯ সাল থেকে প্রতি বছর ইউনিভার্সিটি অব এডিনবরা ‘ফিকশন’ ও ‘বায়োগ্রাফি’ এই দুই শ্রেণিতে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি প্রদান করে আসছে। সম্মাননা পদকের পাশাপাশি বিজয়ীকে দেওয়া হয় ১০ হাজার পাউন্ড। সম্মানজনক এই পুরস্কার জিতে নেওয়া জিয়া হায়দারের নামটি এখন বিশ্বের খ্যাতনামা ঔপন্যাসিক ডিএইচ লরেন্স, এঞ্জেলা কার্টার কিংবা গ্রাহাম গ্রিনের নামের পাশে শোভা পাচ্ছে।
জিয়া হায়দারের বইটি ‘ফিকশন’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয়।
জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ডস ফিকশন বিভাগের প্রধান এবং ইউনিভার্সিটি অব এডিনবারার অধ্যাপক র‍্যান্ডল ইন্টিভেনসন বলেন, জিয়া হায়দার রহমান তাঁর উপন্যাসে একজন বিনিয়োগ ব্যাংকারের সঙ্গে তাঁর এক পুরোনো বন্ধুর সাক্ষাতের গল্পের মধ্যে দিয়ে আফগানিস্তান যুদ্ধ, মুসলিম মৌলবাদের উত্থান এবং বিশ্ব ব্যাংকিং সংকটের মতো অনেকগুলো বিষয়কে বেশ নিপুণভাবে উপস্থাপন করেছেন। তিনি রাজনীতি ও অর্থনীতির সমস্যাগুলোর দিকে দৃষ্টিপাত করেছেন, যা সাধারণত উপন্যাসের পাতা থেকে নির্বাসিত। 

পুরস্কারের জন্য মনোনীত হওয়া সামান্থা হারবির ‘ডিয়ার থিপ’, স্মিথ হ্যান্ডারসনের ‘ফোরথ অব জুলাই ক্রিক’ এবং ম্যাথিও থোমাসের ‘উই আর নট আওয়াস্যালভস’কে পরাজিত করে পুরস্কার জিতেছে জিয়া হায়দারের বইটি। প্রতি বছর ‘জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ডস’ প্রদানের জন্য ইউনিভার্সিটি অব এডিনবরার শিক্ষক ও স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থীরা চার শ উপন্যাস পড়েন। সেখান থেকে তাঁরা চারটি বইকে পুরস্কারের জন্য মনোনীত করেন।
জিয়া হায়দারের জন্ম বাংলাদেশের সিলেটে। ১৯৭০ দশকের প্রথমভাগে তিনি শিশু বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। অক্সফোর্ড, ক্যামব্রিজ ও ইয়েল ইউনিভার্সিটিতে পড়াশোনা করা জিয়া হায়দার ছিলেন একজন বিনিয়োগ ব্যাংকার। এরপর করপোরেট আইনজীবী ও পরবর্তীতে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী হিসেবে পেশা শুরু করেন।
‘ইন দি লাইট অব হোয়াট উই নো’ উপন্যাসের প্রকাশক ফারার, স্ট্রস অ্যান্ড গিরক্স। ২০১৪ সালের মাঝামাঝিতে বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই সমালোচকদের দৃষ্টি কাড়ে। বাংলাদেশ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশে বইটি পাওয়া যাচ্ছে। আমাজনসহ বিভিন্ন অনলাইন সাইট থেকেও বইটি কেনা যাবে। বায়োগ্রাফি বিভাগে এবার পুরস্কার জিতেছে রিচার্ড ব্যানসনের লেখা ‘দি ভ্যালি’। বইটিতে লেখকের নিজের পরিবারের গত এক শ বছরের গল্প সন্নিবেশিত হয়েছে।