যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ সংকুচিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী ভিসায় অবস্থানের সর্বোচ্চ সীমা নির্ধারণের পর এবার কর্ম-ভিসার (ওয়ার্ক পারমিট) ক্ষেত্রেও নানা কড়াকড়ি আরোপ করল যুক্তরাজ্য। এ ধরনের বিভিন্ন নিয়মের ফলে দেশটিতে অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার সম্ভাবনা আরও সংকুচিত হচ্ছে।
এত দিন টানা পাঁচ বছর কর্ম-ভিসায় থাকলে বিদেশিরা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের (আইএলআর) আবেদন করতে পারতেন। এ জন্য কোনো সুনির্দিষ্ট আয় দেখাতে হতো না। কিন্তু ৬ এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া নিয়মে বলা হয়েছে, বছরে কমপক্ষে ৩৫ হাজার পাউন্ড (প্রায় ৪০ লাখ টাকা) বেতন পেলেই কেবল বিদেশি কর্মীরা স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। আয় তার কম হলে সর্বোচ্চ থাকতে পারবেন ছয় বছর। যুক্তরাজ্যে সাধারণ চাকরিজীবীদের বেতন বছরে গড়ে ২৫ হাজার পাউন্ড। তাই শিক্ষক, সাংবাদিক ও হিসাবরক্ষকসহ বেশ কিছু পেশার কর্মীরা স্থায়ী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
এ ছাড়া বিদেশি কর্মী নিয়োগ নিরুৎসাহিত করতে বেতনসীমা বৃদ্ধি ও নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর লেভি (বার্ষিক শুল্ক) আরোপ করেছে কর্তৃপক্ষ। চলতি এপ্রিল থেকে অভিজ্ঞ বিদেশি কর্মীর ন্যূনতম বেতন হতে হবে বছরে ২৫ হাজার পাউন্ড। ২০১৭ সালের এপ্রিল থেকে তা বেড়ে হবে ৩০ হাজার পাউন্ড।
নতুন নিয়মে ডিগ্রি পর্যায়ের কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের কর্ম-ভিসায় স্থানান্তরিত হওয়ার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। এতে গৃহকর্মী ভিসা ও আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল হয়েছে। আগে গৃহকর্মীরা সংশ্লিষ্ট স্পনসরকারী ছাড়া অন্য কাজ করতে না পারলেও এখন ছয় মাস পর চাইলে তা পারবেন। আর আশ্রয়প্রার্থীর আবেদন নিষ্পত্তি না হলেও ছয় মাস পর তাঁরা কাজের অনুমতি পাবেন।
বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীরা শিক্ষার্থী ভিসা, কর্ম-ভিসা, বিবাহ সূত্র—এই তিন পন্থায় যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ নিতেন। টানা ১০ বছর যুক্তরাজ্যে থাকতে পারলে অভিবাসীরা স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান। শিক্ষার্থীদের জন্য এ সুযোগ বন্ধ করতে ২০১৪ সালে শিক্ষা ভিসায় সর্বোচ্চ আট বছর থাকার বিধান করা হয়। এখন কর্ম-ভিসায় বেতনের শর্ত জুড়ে দেওয়ায় অধিকাংশই ছয় বছরের বেশি থাকতে পারবেন না। বৈবাহিক সূত্রের ভিসায় পাঁচ বছর পর স্থায়ী হওয়ার সুযোগ এখনো আছে। তবে স্পনসরকারীর ন্যূনতম আয় বছরে ১৮ হাজার ৬০০ পাউন্ড আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফলে ছেলে-মেয়েদের নিজ দেশে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার প্রবণতা এরই মধ্যে কমেছে।
যুক্তরাজ্যে অভিবাসন নিয়ে কাজ করা আইনজীবী তারেক চৌধুরী প্রথম আলোকে বলেন, বিদেশিদের জন্য এ দেশে স্থায়ী হওয়ার সুযোগ অনেক কমে যাচ্ছে। মূলত আর্থিকভাবে সামর্থ্যবান কিংবা অসাধারণ মেধাবীদের জন্যই এ দরজা খোলা থাকছে। তবে শিক্ষার্থীদের কর্ম-ভিসায় রূপান্তরিত হওয়ার সুযোগের বিষয়টি ইতিবাচক।
যুক্তরাজ্যে অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অন ইমিগ্র্যান্টস’-এর আইন ও নীতি শাখার পরিচালক চাই প্যাটেল বলেন, স্বরাষ্ট্র দপ্তরের হিসাবই বলছে, নতুন নীতি এ দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। যুক্তরাজ্য অভিজ্ঞ ও দক্ষ কর্মীর সংকটে পড়বে।