যুক্তরাজ্যে স্পাউস ভিসায় ইংরেজিতে দক্ষতার শর্ত শিগগিরই কার্যকর
যুক্তরাজ্যে স্পাউসদের (স্বামী বা স্ত্রী) অভিবাসন ভিসার নিয়মে পরিবর্তন আসছে। এই ভিসা ক্যাটাগরিতে অ-ইউরোপীয় নাগরিকদের বেলায় ইংরেজি ভাষায় একটি ন্যূনতম দক্ষতা থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। ক্ষমতাসীন নতুন জোট সরকারের বৃহত্তর দল কনজারভেটিভ সরকারের চার প্রধান নির্বাচনী অঙ্গীকারের একটি ছিল অভিবাসীদের ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা। এরই অংশ হিসেবে চলতি বছর থেকেই এ নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এতদিন অভিবাসীরা কেবল বিয়ের বৈধতা ও যুক্তরাজ্যে স্বামী বা স্ত্রীর ভরণপোষণের সামর্থ্য প্রমাণ করতে পারলেই ভিসা পেতেন। স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে বলেছেন, ইংরেজি জানার মাধ্যমে যেমন একজন অভিবাসীর জন্য সাংস্কৃতিক বাধা অপসারণের সুযোগ সৃষ্টি হবে, তেমনি চাকরি পাওয়াও সহজতর হবে। তবে একই সঙ্গে তিনি বলেন, এটি শুধু প্রথম পদক্ষেপ। এসংক্রান্ত বিধি আগামীতে আরও কঠিন হবে।বিয়ের মাধ্যমে যুক্তরাজ্যে অভিবাসন ভিসা পাওয়া প্রার্থীরা প্রাথমিকভাবে দুই বছর বসবাসের অনুমতি পেয়ে থাকেন। পরবর্তী সময়ে তাঁরা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিক হলে এখন থেকে তাঁদের ওই আবেদনের আগে ব্রিটিশ জীবন ও ইংরেজি ভাষা বিষয়ে একটি পরীক্ষায় পাস করতে হবে। নতুন নিয়মে বলা হয়েছে, ব্রিটেনের একটি পাঁচ থেকে সাত বছর বয়সী শিশু যেটুকু ইংরেজি জানে, আবেদনকারীকে ততটুকু ইংরেজি জানতে হবে। এদিকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইএসওএল পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ড. নিক স্যাভিল বিবিসিকে বলেছেন, আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি ছোটখাটো কথাবার্তা ও ঘোষণা পড়তে পারার মতো ইংরেজি জানেন। আগের লেবার সরকার আগামী বছরের জুলাই নাগাদ এ নিয়ম চালুর পরিকল্পনা করেছিল। মানবাধিকার কর্মীরা বলেছেন, ইংরেজি শেখানোর পরিকল্পনা ভালো কিন্তু কেবল বিশ্বের কিছু অঞ্চলের জন্য বলে তা বৈষম্যমূলক।