যুক্তরাজ্যে হত্যার দায়ে দুই বাংলাদেশির যাবজ্জীবন
যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত হোটেল কর্মী আহমেদ রিমন হায়দার (২৭) হত্যা মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত অপর দুজন যুবকের যাবজ্জীবনসহ অতিরিক্ত মেয়াদের কারাদণ্ডাদেশ দিয়েছেন সে দেশের একটি আদালত। লুইস ক্রাউন কোর্ট গত শুক্রবার এ দণ্ড দেন।দণ্ডাদেশপ্রাপ্ত দুজন হলেন শাহাদাত মোল্লা ওরফে সোহাগ (২১) ও মোহাম্মাদ আনহার (৩৩)। তাঁদের মধ্যে আনহার নিহত রিমনের চাচাতো ভাই।আদালতের রায় ও মামলার শুনানির বরাত দিয়ে বিবিসি জানায়, ইস্ট সাসেক্স কাউন্টির সিফোর্ড শহরের সুটন পার্ক রোডে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে রিমন হায়দার মা-বাবার সঙ্গে বাস করতেন। ওই অ্যাপার্টমেন্টের নিচতলায় ‘মুন অব ইন্ডিয়া’ নামের একটি রেস্টুরেন্টে তিনি ওয়েটার হিসেবে কাজ করতেন। ২০১০ সালের ১ ফেব্রুয়ারি মা-বাবার ওই ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।তদন্ত কর্মকর্তারা জানান, রিমনের মা-বাবা ছুটি কাটাতে বাংলাদেশে চলে আসেন। ফ্ল্যাটে কোনো লোকজন নেই মনে করে সোহাগ ও আনহার সেখানে চুরি করতে যান। ঘরে ঢুকে তাঁরা রিমনকে দেখতে পান। রিমন যাতে চুরি করার কথা কাউকে বলে দিতে না পারেন, সে জন্য তাঁরা তাঁকে মাথায় আঘাত করে হত্যা করেন।গ্রেপ্তার এড়াতে সোহাগ ফ্রান্সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ও আনহার পুলিশের হাতে ধরা পড়েন।গত শুক্রবার হত্যার দায়ে আদালত সোহাগকে যাবজ্জীবন এবং চুরির জন্য আরও ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন। অন্যদিকে একই অপরাধে আনহারকে যাবজ্জীবনের পাশাপাশি আরও ১২ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ রায়ের পর রিমনের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। বিবিসি অনলাইন।