যুক্তরাজ্যে ২৫ বাংলাদেশি অবৈধ কর্মী গ্রেপ্তার
যুক্তরাজ্যে ২৫ বাংলাদেশি অবৈধ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সাত সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। যুক্তরাজ্যের সীমান্ত সংস্থা যত দ্রুত সম্ভব তাঁদের দেশে ফেরত পাঠানোর কাজ শুরু করেছে । ঢাকার ব্রিটিশ হাইকমিশন গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারের কথা জানায়। সাউথ ওয়েলসের ওর্স্টার, পন্টিপুল ও মার্থির টাইডফিল, লিঙ্কনশায়ারের এক্সেটার, পেইগন্টন ও নিউটন অ্যাবোট এবং ওয়ারউইকশায়ার ও সাউথ হলে অভিযান চালিয়ে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি কর্মীরা অভিবাসন আইন ভঙ্গ করেছেন। তাঁরা অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেন এবং ভিসার মেয়াদের চেয়ে বেশি সময় সেখানে অবস্থান করেন। এই বাংলাদেশিরা রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করছিলেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব প্রতিষ্ঠান অবৈধ এই কর্মীদের কাজ করতে দেওয়ার সুযোগ দিয়েছিল তাদের জরিমানা করা হবে। প্রতি অবৈধ কর্মীর জন্য এই জরিমানা হবে ১০ হাজার পাউন্ড পর্যন্ত। তবে প্রতিষ্ঠানগুলো যদি প্রমাণ করতে পারে নিয়োগ দেওয়ার আগে কর্মীদের ব্যাপারে যথাযথ খোঁজখবর নেওয়া হয়েছে, তাহলে জরিমানা থেকে রেহাই পাবে। যুক্তরাজ্য সীমান্ত সংস্থার একজন মুখপাত্র বলেন, ‘অবৈধভাবে কাজ করার বিষয়টি কোনোভাবেই সহ্য করব না। আইন ভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আর যাদের এ দেশে থাকার অধিকার নেই, এমন ব্যক্তিদের বের করে দেওয়া হবে।’