যুক্তরাজ্যের ঐতিহ্য বাংলাদেশির হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট লন্ডনের হ্যাকনি উইকের কারখানায় লন্ডন ট্র্যাডিশনের সহপ্রতিষ্ঠাতা মামুন চৌধুরী  l ছবি: দ্য গার্ডিয়ানের সৌজন্যে
ইস্ট লন্ডনের হ্যাকনি উইকের কারখানায় লন্ডন ট্র্যাডিশনের সহপ্রতিষ্ঠাতা মামুন চৌধুরী l ছবি: দ্য গার্ডিয়ানের সৌজন্যে

বাংলাদেশের মামুন চৌধুরী লন্ডনে গিয়েছিলেন ১৯৯১ সালে। চোখে স্বপ্ন থাকলেও তাঁর হাতে পয়সাকড়ি তেমন ছিল না। দেশ থেকে তৈরি পোশাক কিনে তা বিক্রি করতেন লন্ডনে। এভাবেই পোশাক ব্যবসায় হাতেখড়ি। দুই দশকের যাত্রায় মামুন চৌধুরী এখন ব্রিটেনের একজন সফল উদ্যোক্তা। দেশটির তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণাও তিনি।
মামুন চৌধুরী আন্তর্জাতিক পোশাক বাজারে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্রিটিশ স্টাইলের শীতের পোশাক ‘ডাফেল কোট’ বানিয়ে। তাঁর যাত্রা শুরু হয়েছিল লন্ডনের ইস্ট অ্যান্ডের একটি ছোট কারখানা থেকে। গত শুক্রবার তাঁর সফলগাথা নিয়ে প্রতিবেদন করেছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান।
বাংলাদেশের তৈরি পোশাক লন্ডনে বিক্রি শুরুর কয়েক বছর পরই মামুন ডাফেল কোট বানানোর সিদ্ধান্ত নেন। অন্য কিছু না বানিয়ে তিনি কেন ব্রিটিশ স্টাইলের ডাফেল কোট বেছে নিলেন? এমন প্রশ্নের জবাবে মামুন বলেন, ‘আমার ধরনটাই এমন। আমি সব সময় ভিন্ন কিছু করার চেষ্টা করি। আর অন্য কেউই তখন ডাফেল কোট বানাচ্ছিল না।’
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মামুন চৌধুরীর মনে দাগ কেটেছিল। মুক্তিযুদ্ধের সময় মামুনের পারিবারিক ব্যবসাও ধ্বংস হয়। পরে তিনি ব্রিটেনে ব্যবসা শুরু করতে মনস্থির করেন। তবে যুক্তরাষ্ট্রও তাঁর পছন্দের তালিকায় ছিল।
মামুন চৌধুরী বলেন, ‘এটি ছিল বড় একটি ক্ষত। আমি সফল হতে মনস্থির করেছিলাম। মাইকেল মার্ক যদি পারেন তবে আমি কেন পারব না?’
মার্কস অ্যান্ড স্পেনসার প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা হলেন মাইকেল মার্ক। বেলারুশ থেকে ব্রিটেনে এসে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন।
ভারী উলের তৈরি ডাফেল কোট দুনিয়াজুড়ে ব্রিটিশ স্টাইলের শীতের পোশাক হিসেবেই পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে এই ভারী উলের কোটই ছিল নাবিক-সৈনিকদের জনপ্রিয় পোশাক।
কথিত আছে, ব্রিটিশ ফিল্ড মার্শাল বার্নার্ড মন্টেগোমারি সে সময় সাধারণ সেনাদের অনুপ্রেরণা জোগানোর জন্য নিজেও এই উলের তৈরি মোটা কোট পরতেন। অবশ্য হাল ফ্যাশনের ডাফেল কোট নাবিক-সেনাদের সেকালের উর্দির চেয়ে বহু যোজন দূরের বস্তু। লন্ডনের ঐতিহ্যবাহী এই কোট এখন দুনিয়ার নানা ফ্যাশন হাউসে বিক্রি হয়। ঐতিহ্যবাহী উটরঙা থেকে শুরু করে রক্তিম বেগুনি ও খাঁটি রক্তলাল রং ছাড়াও আধুনিক ডাফেল কোট বানানো হয় বহু আঙ্গিকে। জাপানের মতো দেশগুলোতে কেউ ইংল্যান্ড বা ব্রিটেনের স্মারক একটা কিছু কিনতে চাইলে এমন ডাফেল কোটই হয় অনেকের প্রথম পছন্দের বস্তু।
মামুন চৌধুরী তাঁর ভাবনা থেকেই ডাফেল কোটের কারখানার জন্য কাজ শুরু করলেন। কিন্তু ওই সময় ভীষণ প্রতিযোগিতা ছিল। তিনি যখন নিজের পোশাক কারখানা স্থাপন করতে যান তত দিনে লন্ডনের ইস্ট অ্যান্ড থেকে অনেক পণ্য প্রস্তুতকারকই দূর দেশে পাড়ি জমিয়েছেন। যার মধ্যে বাংলাদেশও ছিল। মামুন দামি ডাফেল কোট বানানোটাকেই কৌশল হিসেবে নিলেন। মার্কস অ্যান্ড স্পেনসারের মতো বড় টেক্সটাইল কোম্পানিতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন রব হিউসনকে সঙ্গে নিয়ে ২০০২ সালে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে ‘লন্ডন ট্র্যাডিশন’ নামে তাঁর ব্যবসা চালু করেন মামুন।
বর্তমানে, ব্রিটেনের অলিম্পিক পার্কের হ্যাকনি উইক এলাকার একটি কারখানা থেকে লন্ডন ট্র্যাডিশন চালানো হয়। শ খানেক কর্মী নিয়ে পরিচালিত ওই কারখানায় সপ্তাহে গড়ে এক হাজার ডাফেল কোট তৈরি হয়।
মামুনের ভাষ্যমতে, একসময় পূর্ব লন্ডন ছিল শিল্প এলাকা। বর্তমানে খুব কম কারখানাই সেখানে আছে। কিন্তু বংশপরম্পরায় এই এলাকায় মানুষের মধ্যে রয়ে গেছে ঐতিহ্য। আর ‘মেড ইন ইংল্যান্ড’ যথেষ্ট গুরুত্ব পায়। তবে এ জন্য পোশাকটিকেও হতে হয় বিশ্বমানের।