যুক্তরাজ্যের কাছে জবাব চাইবে বাংলাদেশ
যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে শটগানের গুলি নিয়ে যাত্রী কীভাবে বিমানে উঠলেন, তা সে দেশের কাছে জানতে চাওয়া হবে। সিলেটে বিমানবন্দরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের পক্ষ থেকে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ জুন সকালে ১৫০টি শটগানের গুলিসহ এক যুক্তরাজ্যপ্রবাসীকে আটক করা হয়। ওই প্রবাসী হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে ফেরেন। তিনি যুক্তরাজ্য থেকেই ব্যাগে ভরে গুলিগুলো নিয়ে আসেন। আবদুস সবুর (৪৫) নামের ওই যাত্রী সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের আবদুস শহীদের ছেলে।
সংবাদ সম্মেলনে উদ্ধার করা গুলি প্রদর্শন করা হয়। এ সম্পর্কে সিলেট কমিশনারেটের কমিশনার এ কে নুরুজ্জামান বলেন, গুলি উদ্ধারের বিষয়টি ব্রিটিশ হাইকমিশনারকে জানানো হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তা ব্রিটিশ সরকারকে জানানো হবে। সরকার জানতে চাইবে, কী করে গুলিভর্তি ব্যাগ হিথরো বিমানবন্দরের নিরাপত্তাবলয় পেরিয়ে সিলেটে এল।
নুরুজ্জামান আরও বলেন, গুলি উদ্ধারের ঘটনায় মামলা করা হয়েছে। যাত্রী আবদুস সবুর বর্তমানে সিলেট কারাগারে আছেন।
সংবাদ সম্মেলনে সিলেটে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সদস্যদের সক্রিয়তায় সোনা, হেরোইন, কারনেট সুবিধায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন অবৈধ দ্রব্য আটকের সফলতা তুলে ধরা হয়। গত ছয় মাসে কাস্টমসের উদ্ধার কার্যক্রমেরও তালিকা প্রকাশ করা হয়। আরও বলা হয়, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ ১ হাজার ৩৩৩ কার্টন সিগারেট, প্রায় ১৯ কেজি সোনা এবং ১২২ বোতল মদ জব্দ করেছে।
এ সময় আরও বক্তব্য দেন সিলেট কাস্টমসের অতিরিক্ত কমিশনার রাশেদুল ইসলাম, যুগ্ম কমিশনার নিয়ামূল ইসলাম, বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার খায়রুল বাশার, শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ।