যুক্তরাজ্যের নজরদারিতে ৫৫ মুসলিম দাতব্য সংস্থা
উগ্রপন্থা ছড়ানোর কাজে লিপ্ত সন্দেহে যুক্তরাজ্যভিত্তিক ৫৫টি মুসলিম দাতব্য সংস্থা বা সংগঠনকে (চ্যারিটি) নজরদারির তালিকায় রেখেছে দেশটির চ্যারিটি কমিশন। এগুলোর মধ্যে ‘মুসলিম এইড’ ও ‘এইড কনভয়’ও রয়েছে। সংস্থা দুটি বড় ধরনের কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশে।
ওই দুই সংস্থা ছাড়াও তালিকায় আরও এমন কয়েকটি সংস্থা বা সংগঠন রয়েছে, যেগুলো বাংলাদেশিদের নিয়ন্ত্রিত। সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, অযৌক্তিকভাবে টার্গেট করা হয়েছে মুসলিম চ্যারিটিগুলোকে।
যুক্তরাজ্যে মুসলিমদের বিভিন্ন বিষয়ে গবেষণা করে এমন একটি প্রতিষ্ঠান ক্লেস্টোনের একটি প্রতিবেদনে এসব চ্যারিটির ওপর নজরদারির খবর উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, চ্যারিটি কমিশন ২০১২ সালের ৫ ডিসেম্বর থেকে সংগঠনগুলোর কার্যক্রম তদারকি করতে ‘এক্সট্রিমিজম অ্যান্ড রেডিকেলাইজেশন’ (চরমপন্থা ও উগ্রবাদ) নামে নতুন একটি কোড চালু করে। চলতি বছরের ৮ মে পর্যন্ত মোট ৫৫টি মুসলিম চ্যারিটিকে এ কোডের তালিকায় আনা হয়েছে। সংগঠনগুলোর অজান্তেই এ তালিকা করে গোপনে নজরদারি করছে কমিশন।
সংগঠনগুলোর মধ্যে এইড কনভয়, আল ফাতিহা গ্লোবাল, চিলড্রেন ইন নিড, হিউম্যান এইড ও সিরিয়া এইড—এই পাঁচটি সংগঠনের বিষয়ে বিশেষ অনুসন্ধানে নেমেছে কমিশন। সংগঠন পাঁচটি সিরিয়ায় বড় আকারের কার্যক্রম পরিচালনা করে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ৩০ আগস্ট এইড কনভয় ও ২০ নভেম্বর মুসলিম এইডকে নজরদারির তালিকায় নেওয়া হয়। এ দুটি সংগঠনের বিষয়ে এখনো কমিশনের অনুসন্ধান চালু রয়েছে। এসব সংগঠনের ওপর নজরদারির কোনো কারণ ব্যাখ্যা করেনি কমিশন। তবে যেসব কারণে এগুলোকে ওই কোডের অধীন তালিকাভুক্ত করা হয়েছে, তা তথ্য অধিকার আইনে অব্যাহতিপ্রাপ্ত।
এক লিখিত বিবৃতিতে মুসলিম এইড বলেছে, মানবিক ত্রাণ ও উন্নয়ন-সহায়তা প্রদানকারী সংগঠন হিসেবে তারা কাজের স্বচ্ছতায় বিশ্বাসী। আর কমিশনের সমালোচনা করে ক্লেস্টোন বলেছে, কোডে অন্তর্ভুক্ত করা বা সেটা থেকে নাম প্রত্যাহার করার কোনো নীতিমালা কমিশনে নেই।
মুসলিম চ্যারিটিগুলোর অভিযোগ, চ্যারিটি কমিশনের বর্তমান চেয়ারম্যান উইলিয়াম শক্রফ দায়িত্ব নেওয়ার পর থেকে তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। ‘ইসলামিক উগ্রপন্থা চ্যারিটিগুলোর জন্য বড় ধরনের সমস্যা’, এমন মন্তব্য করে তিনি দায়িত্ব নেওয়ার আগেই সমালোচিত হন।
যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটিগুলোর জবাবদিহি নিশ্চিত করতে গত মাসে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চ্যারিটি কমিশনের জন্য ৮০ লাখ পাউন্ড বরাদ্দের ঘোষণা দেন। তিনি বলেন, চ্যারিটিগুলো তাদের তহবিল কোথায় খরচ করছে, সে বিষয়ে কমিশনকে নিশ্চিত হতে হবে।