যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী থেরেসা মেকে অভিনন্দন জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার থেরেসা মের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। রক্ষণশীল দলের নেতা হিসেবে এটি আপনার প্রাপ্য। একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্যের নেতৃত্বে আপনাকে দেখে আমি আরও বেশি আনন্দিত।’
শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক পরিপক্ব, শক্তিশালী এবং পরীক্ষিত। এ সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধ, বাক্স্বাধীনতা, মানবাধিকার, আইনের শাসন, ধর্মনিরপেক্ষতা এবং পারস্পরিক স্বার্থের অংশীদারত্বের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।
সুবিধাজনক সময়ে নিকট ভবিষ্যতে থেরেসা মেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশের সার্বিক অগ্রগতি, বিশেষ করে নারীর ক্ষমতায়ন তিনি স্বচক্ষে দেখতে পাবেন।
খালেদা জিয়ার অভিনন্দন: বার্তা সংস্থা ইউএনবি জানায়, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী থেরেসা মেকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত বুধবার খালেদা জিয়া বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে থেরেসা মেকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
খালেদা জিয়া তাঁর বার্তায় বলেন, তিনি আশা করছেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী তাঁর শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে দেশটির জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।