প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে ভিসার আবেদন জমা নেওয়ার ক্ষেত্রে ‘প্রাইম টাইম’ নামে নতুন একটি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর আওতায় আগে থেকে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ ছাড়াই শনিবারেও ভিসার আবেদন জমা নেওয়া হবে। আগামী ১৯ জানুয়ারি থেকে ভিএফএস গ্লোবালের (ভিসা ফ্যাসিলিটেশন সেন্টার) ঢাকা ও সিলেট কেন্দ্রে কার্যক্রমটি শুরু হচ্ছে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ কর্মসূচির আওতায় ভিসাপ্রার্থীরা অন্যান্য কার্যদিবসের মতোই শনিবারেও সকাল ১০টা থেকে বেলা একটার মধ্যে আবেদন জমা দিতে পারবেন। ‘প্রাইম টাইম’ একটি মাশুলবিহীন কর্মসূচি। ঢাকার ভিসা আবেদনকেন্দ্রের প্রিমিয়াম লাউঞ্জ, ফাস্ট ট্রেক প্রসেসিং এবং বিজনেস এক্সপ্রেস কর্মসূচির পাশাপাশি নতুন এ কর্মসূচিটি চালু হলো।