যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি
বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও)। রাজশাহীর বাগমারায় আহমদিয়া সম্প্রদায়ের এক মসজিদে সম্প্রতি বোমা বিস্ফোরণসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা এবং পৌরসভা নির্বাচনকে ঘিরে ‘সম্ভাব্য সহিংসতার’ প্রেক্ষাপটে এ সতর্কতা জারি করা হয়।
গতকাল সোমবার ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে বলা হয়, একান্ত আবশ্যক না হলে পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশ নাগরিকেরা যেন ভ্রমণ না করেন।
ওয়েবসাইটে দাবি করা হয়, বাংলাদেশ সন্ত্রাসী হামলার বড় ধরনের হুমকিতে রয়েছে। সেখানে গত সেপ্টেম্বর থেকে বেশ কিছু সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে নিহত হয়েছেন দুজন বিদেশি। ইতালির এক যাজককেও হত্যার চেষ্টা চালানো হয়েছে। শিয়া সম্প্রদায়ের ওপর দুই দফা হামলায় নিহত হয়েছেন তিনজন। ঢাকায় তল্লাশিচৌকিতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন পুলিশ সদস্য। এসব হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর আরও হামলা হতে পারে—ওয়েবসাইটে এমন আশঙ্কা প্রকাশ করে ব্রিটিশ নাগরিকদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়। ব্যাপক জনসমাগম ও পশ্চিমা নাগরিকদের উপস্থিতি রয়েছে এমন অনুষ্ঠান এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয় এতে।
ওয়েবসাইটে আরও বলা হয়, বাংলাদেশে সরকার ও বিএনপির নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা চলছে। পৌরসভা নির্বাচন সামনে রেখে তা আরও বাড়তে পারে।