সন্ত্রাসবাদের ঝুঁকির আশঙ্কায় বাংলাদেশে চলাফেরার ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করে ভ্রমণবার্তা দিয়েছে যুক্তরাজ্য সরকার। আর এ সতর্কবার্তার পর নির্বিঘ্নে ঢাকা ও সিলেটে ঘুরে বেড়িয়েছেন দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চার পার্লামেন্ট সদস্য।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে আলোচনার পর তাঁরা বাংলাদেশ সফরে ‘অত্যন্ত নিরাপদে’ চমৎকার সময় কাটানোর কথা জানিয়েছেন।
ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যসহ কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ২৩ সদস্যের প্রতিনিধিদল আট দিনের সফরে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। এ সফরের সময় তাঁরা তিন দিন ছিলেন সিলেটে। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির একটি গোষ্ঠী কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ।
তবে গতকাল সকালে স্থগিত হয়ে গেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সোয়ারের বাংলাদেশ সফর। তিন দিনের সফরে তাঁর আগামীকাল শনিবার ঢাকায় আসার কথা ছিল। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এ তথ্য জানায়।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গতকাল কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা অ্যান মেইন বলেন, ‘আমরা সফরের সময় নিশ্চিন্ত ও নিরাপদ ছিলাম। আমরা গুলশানে থেকেও উদ্বিগ্ন হইনি।’ তিনি আরও বলেন, ‘আমি যেহেতু ভ্রমণবার্তা জারির সঙ্গে জড়িত নই, এর নেপথ্য কারণও আমার জানা নেই। এ নিয়ে আমার কাছে কোনো তথ্যও নেই।’