যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ডানকান ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালান ডানকান গতকাল সোমবার বিকেলে ঢাকায় এসেছেন। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন গতকাল বিজ্ঞপ্তিতে জানায়, তিন দিনের সফরকালে ডানকান পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে উন্নতি খতিয়ে দেখবেন। এ ছাড়া জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় সংলাপের ওপর গুরুত্ব দেবেন।
অ্যালান ডানকান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর দেখা হতে পারে। যুক্তরাজ্যের দেওয়া সহায়তা বাংলাদেশের উন্নয়নে কতটা কাজে লাগছে, এ সফরের সময় অ্যালান ডানকান সে সম্পর্কে খোঁজ নেবেন।