যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী সংবর্ধিত
যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়াবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্টকে সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি করপোরেশন। মঙ্গলবার রাতে নগরের একটি অভিজাত রেস্তোরাঁয় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় মন্ত্রী বার্ট বাংলাদেশ-যুক্তরাজ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিশেষ করে সিলেট ও যুক্তরাজ্যের সুসম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। সংবর্ধনায় স্বাগত বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। মেয়র বলেন, ‘সিলেট ও ব্রিটেনের মধ্যে দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে ব্রিটেনের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে আমরা আজও সঞ্চরণ করি।’ অনুষ্ঠানে মেয়র কামরান প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্টকে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।