বাংলাদেশসহ ছয়টি ‘ঝুঁকিপূর্ণ দেশের’ ভ্রমণকারীদের জন্য বন্ড ভিসার প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন। এ ব্যাখ্যায় বলা হয়েছে, ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভ্রমণকারীদের’ মোকাবিলায় পরিকল্পিত বন্ড ভিসার প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। গতকাল মঙ্গলবার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে বন্ড ভিসা নিয়ে এ ব্যাখ্যা দিয়েছে।যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে কে উদ্ধৃত করে গণমাধ্যমে খবরে বলা হয়, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ঘানা ও নাইজেরিয়ার ভ্রমণকারীদের আগামী নভেম্বর থেকে বন্ড ভিসা দিতে হবে। এর আওতায় এসব দেশের ১৮ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের যুক্তরাজ্যে ছয় মাসের ভ্রমণ ভিসার জন্য বাধ্যতামূলকভাবে তিন হাজার পাউন্ডের বন্ড দিতে হবে। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যুক্তরাজ্যে অবস্থান করলে এই বন্ডের অর্থ বাজেয়াপ্ত করবে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর মনে করে, বন্ড ভিসার জন্য যে ছয়টি দেশের নাম উল্লেখ করা হয়েছে তাদের নাগরিকদের মধ্যে ভ্রমণ ভিসার অপব্যহারের ঝুঁকি সবচেয়ে বেশি।যুক্তরাজ্যের হাইকমিশনের ব্যাখ্যায় বলা হয়েছে, অভিবাসন প্রক্রিয়ার অপব্যবহার রোধে পরীক্ষামূলকভাবে বন্ড ভিসা চালুর ঘোষণা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এ নীতিমালার প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। এ তালিকায় পরীক্ষামূলক দেশ হিসেবে বাংলাদেশ থাকলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এ ধরনের নীতিমালার কারণে ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভ্রমণকারীদের’ একটি ছোট অংশই ক্ষতিগ্রস্ত হবে।