যুক্তরাজ্যের বিচ্ছেদে প্রবাসী বাঙালিরাও শঙ্কায়
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় সেখানে বাসরত বাঙালিরাও তাঁদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছেন। সিলেটে অবস্থিত বাংলাদেশ ওভারসিস সেন্টার ও লন্ডনের বাংলাদেশ কমিউনিটির নেতারা বলেছেন, এই গণভোটের মধ্য দিয়ে দেশটিতে যে অভিবাসনবিরোধী মনোভাব দেখা দিয়েছে, এই মুহূর্তে পূর্ব ইউরোপীয় দেশগুলো তার নিশানা হলেও পরবর্তী সময়ে বাংলাদেশও হতে পারে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করায় ব্রিটেনে অর্থনৈতিক মন্দা দেখা দিলে তার অভিঘাতও বাংলাদেশিসহ সব প্রবাসীর ওপর পড়বে।
সিলেটে অবস্থিত বাংলাদেশ ওভারসিস সেন্টারের প্রধান নির্বাহী শামসুল আলম প্রথম আলোর সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা যখন দিল্লি থেকে ভিসা প্রদানের অফিসটি ফের ঢাকায় নিয়ে আসার জন্য দেনদরবার করছি, তখন এই সিদ্ধান্ত প্রবাসীদের নতুন করে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিল।’ ব্রিটিশ ইমিগ্রেশন অ্যাডভাইজারি সার্ভিসে (আইএএস) কাজ করার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ব্রিটিশ সরকার হাইকমিশনার, ফাস্ট সেক্রেটারিসহ (ভিসা) যেসব কর্মকর্তাকে বাংলাদেশে পাঠায়, তাঁদের এখানকার সংস্কৃতি ও সামাজিক অবস্থা সম্পর্কে ব্রিফ করা হয়। যে ক্ষেত্রে তাঁদের পক্ষে ভিসা আবেদনকারীর দেওয়া তথ্য বিচার করা সহজ হয়। কিন্তু দিল্লিতে যাঁদের নিয়োগ দেওয়া হয়, তাঁরা তো বাংলাদেশের সমাজ-সংস্কৃতি সম্পর্কে কিছুই জানেন না। ব্রিটেনে যে বাংলাদেশিরা বসবাস করছেন, তাঁদের অধিকাংশ বৃহত্তর সিলেটের বাসিন্দা। সিলেটের সঙ্গে তাঁদের রয়েছেন নাড়ির সম্পর্ক। অনেকেই বিয়ে, জন্মদিন ইত্যাদি উপলক্ষে সেখানে আত্মীয়স্বজনদের নিয়ে যান। কিন্তু দিল্লিতে ভিসার অফিস স্থানান্তরের পর ভিসা পেতে অনেকেরই সমস্যা হচ্ছে। এমনকি একাধিকবার ব্রিটেন ভ্রমণকারীর ভিসাও নাকচ করে দেওয়া হয়।
ইউরোপ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ায় যাঁরা ভেবেছেন বাঙালিদের চাকরিবাকরির সুবিধা হবে, তাঁদের ধারণা ভুল। কেননা, বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে ইউরোপীয়রা কাজ করতেন না। কারণ, বাংলাদেশের বা ভারতীয় রান্নার সঙ্গে তাঁরা মোটেই পরিচিত নন। বর্তমানে ব্রিটেনে ইউরোপের যে বিনিয়োগ আছে, এই বিচ্ছেদের ফলে তা কমে যেতে পারে। সে ক্ষেত্রে কর্মসংস্থান আরও সংকুচিত হবে। এর চেয়েও ভয়ের বিষয়টি হলো ব্রিটিশদের মধ্যে বর্ণবাদী মনোভাব বেড়ে যাওয়া। বিগত গণভোটে ব্রিটেন ব্রিটিশদের জন্য বলে কট্টরপন্থীরা যে স্লোগান দিয়েছে, তা সেখানেই সীমাবদ্ধ থাকবে না।
গত শুক্রবার কয়েকজন প্রবাসী বাঙালির অভিজ্ঞতার কথা উল্লেখ করে শামসুল আলম বলেন, এর আগে ব্রিটিশ সহকর্মীরা তাঁদের সঙ্গে যতটা উষ্ণ আচরণ করতেন, ওই দিন সেটি করেননি।
উল্লেখ্য, এবারের গণভোটে ব্রিটেনের কট্টরপন্থী দল ও নেতারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে এবং প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ উদারপন্থী নেতারা বিপক্ষে ছিলেন। গণভোটে হেরে যাওয়ায় ক্যামেরন পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁর স্থলে যিনি আসবেন, তিনি লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন। এ ছাড়া কট্টরপন্থী হিসেবে পরিচিত ইউকে ইনডিপেনডেন্ট পার্টির নেতা নাইজেল ফারাজ ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে জোরালো ভূমিকা রাখেন।
ব্রিটেনে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হরমুজ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই গণভোটের মূল স্লোগানই ছিল অভিবাসন নিয়ন্ত্রণ। ব্রিটেন থেকে অন্যান্য ইউরোপীয় দেশের অভিবাসীরা ফিরে আসতে বাধ্য হলে তার অভিঘাত বাঙালিদের ওপরও পড়বে। এখানে উল্লেখ করা যায়, ইতালিতে দেড় লাখসহ ইউরোপের অন্যান্য দেশে তিন লাখ বাঙালি অভিবাসী রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নে বিনা শুল্কে যে বাংলাদেশি পণ্য রপ্তানি হতো, তার বিরাট অংশ যেত ব্রিটেনে। এখন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে নতুন করে বোঝাপড়া করতে হবে।
হরমুজ আলী আরও বলেন, ব্রিটিশ অর্থনীতিতে গণভোটের দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে। কয়েক বছর ধরেই যুক্তরাজ্যের প্রবৃদ্ধি শূন্য। ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার ফলে ২০০৯-এর মন্দা পুনরায় ফিরে আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। বাঙালিসহ এশীয়রা সেখানে শত বছর ধরে যে বহুত্ববাদের সংগ্রাম করে নিজেদের অবস্থান সুদৃঢ় এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করেছিল, গণভোটের ফলে তাতে চিড় ধরবে। ব্রিটিশ ও অভিবাসীদের মধ্যে মানসিক দূরত্ব বাড়বে।
তবে লন্ডনের কিংসফোর্ট সেকেন্ডারি স্কুলের আধুনিক বিদেশি ভাষাশিক্ষা বিভাগের শিক্ষক গোলাম মোস্তফা ফারুক আশা করেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রিটেনে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা প্রদান সহজ হতে পারে। তাঁর মতে, এত দিন তাঁদের প্রতি বৈষম্য দেখানো হয়েছিল।
ইতিমধ্যে ব্রিটেনের শেয়ারবাজারে গণভোটের বিরূপ প্রভাব লক্ষ করা গেছে। শুক্রবারেই সূচক ৬ পয়েন্ট কমেছে। পাউন্ডের মূল্যমান এক দিনের ব্যবধানে ১১৩ টাকা থেকে ১০৬ টাকায় নেমে এসেছে। তবে কোনো কোনো বিশ্লেষক মনে করেন, এই পতন সাময়িক। কেননা, গণভোটে ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও তা কার্যকর হতে দুই বছর সময় লাগবে।
সিলেটের বাসিন্দাদের মধ্যে যেসব পরিবারের সদস্য ব্রিটেনে বসবাস করছেন, তাঁদের কয়েকজন জানিয়েছেন, পাউন্ডের দাম পড়ে গেলে তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশি রপ্তানিকারকেরাও।